এবার হোয়াট্‌সঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। এ বার নতুন ফিচার চালু করল এই বহুজাতিক মার্কিন মেসেজিং অ্যাপ। ফলে, আগামী দিনে আর রিমাইন্ডারের উপর নির্ভর করতে হবে না গ্রাহককে। উল্টে, আগে থেকেই লিখে রাখা বার্তা নিজের ইচ্ছামতো সময়ে পাঠাতে পারবেন তাঁরা। গোটা বিষয়টি কতকটা জিমেলের আদলে তৈরি বলে জানা গিয়েছে।

মার্কিন সংস্থা মেটার মালিকানাধীনে থাকা হোয়াট্‌সঅ্যাপে চালু হয়েছে ‘শিডিউল মেসেজ’ ব্যবস্থা। এতে আগে থেকে কোনও লিখিত বার্তা, ছবি বা ভিডিয়ো আপলোডের পর কখন সেটি প্রাপককে পাঠানো হবে, সেই সময় বেছে নেওয়া যাবে। ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট, উভয় ক্ষেত্রেই ফিচারটি কাজ করবে বলে জানিয়েছে ওই মেসেজিং অ্যাপ।

হোয়াট্‌সঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, এই ফিচার চালু হওয়ার জেরে জন্মদিন হোক বা অন্য কোনও গুরুত্বপূর্ণ আপডেট, বার্তা পাঠানোর ক্ষেত্রে সময় মনে রাখার আর কোনও প্রয়োজন নেই। এতে বিভিন্ন টাইম জ়োনে বসবাসকারীদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলেও আশাবাদী ওই সংস্থা।

নতুন ফিচার চালু করার পরে, একটি ব্লগ পোস্টে সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলেছে হোয়াট্‌সঅ্যাপ। মার্কিন মেসেজিং অ্যাপটির দাবি, তাদের কাছে আসা সর্বাধিক অনুরোধের ফিচারগুলির মধ্যে একটি ছিল ‘শিডিউল মেসেজ’ ব্যবস্থা। ব্লগে মেটার এই শাখাটি লিখেছে, এ বার থেকে ব্যবহারকারীরা যখন খুশি বার্তা লিখতে পারবেন এবং যথাযথ সময়ে সেটি পৌঁছে যাবে সুনির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কাছে।

হোয়াট্সঅ্যাপ জানিয়েছে, ১০ মিনিট থেকে ১৪ দিন পর্যন্ত মেসেজ শিডিউল করতে পারবেন ব্যবহারকারী। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু’টি অপারেটিং সিস্টেমেই কাজ করবে এই ফিচার। মোট পাঁচটি ধাপে এটি চালু করা যাবে। প্রথমে মেসেজিং অ্যাপটি খুলে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে যেতে হবে গ্রাহককে। সেখানে বার্তাটি লিখতে হবে তাঁকে।

এর পর ‘সেন্ড’ বিকল্পটিতে ক্লিক করার বদলে সেটিকে চেপে ধরে রাখতে হবে। তা হলেই কোন সময়ে এবং কোন তারিখে ওই বার্তাটি পাঠাবেন, তা নির্বাচনের সুযোগ পাবেন ব্যবহারকারী। সব শেষে সেটি নির্ধারণ করলেই শিডিউল হয়ে যাবে ওই বার্তা। পরে, প্রাপক সাধারণ বার্তার মতোই দেখতে পাবেন ওই মেসেজ। সেটি যে শিডিউল করা ছিল, তা বুঝতে পারবেন না তিনি।