পৃথিবী ধ্বংসকারী ভোগন নির্মাণবহরের মোকাবিলা করার উপায় হয়তো এখনো মানুষের হাতে নেই। তবে ‘দ্য হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি’ বইয়ের সেই ভোগনদের মতো বিপজ্জনক গ্রহাণুর মুখোমুখি হলে মানবজাতির টিকে থাকার সম্ভাবনা এখন অনেক উজ্জ্বল।
প্রায় ১৬০ মিটার প্রশস্ত ডিমরফোস নামের একটি গ্রহাণুর গতিপথ বদলাতে চার বছর আগে নাসা ইচ্ছাকৃতভাবে একটি মহাকাশযান সেটির সঙ্গে ধাক্কা খাইয়েছিল। সেই ঘটনার পরিণতির প্রথম কাছ থেকে তোলা ছবি প্রকাশ করতে যাচ্ছে বিজ্ঞানীরা।
ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) হেরা মহাকাশযানের তোলা ছবিগুলো থেকে গ্রহাণুটির ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে আরও জানা যাবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে সম্ভাব্য বিপজ্জনক মহাকাশীয় পাথরের গতিপথ বদলাতে আরও কার্যকর অভিযান নকশা করতেও ছবিগুলো বিজ্ঞানীদের সহায়তা করবে।
নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ড. ইয়ান হুইটেকার বলেন, “আমরা জানি, গ্রহাণুটির কক্ষপথের গতি বদলেছিল এবং আঘাতের ফলে ধ্বংসাবশেষ ছিটকে বেরিয়ে এসেছিল। কিন্তু কোনটি মহাকাশযানের অংশ আর কোনটি গ্রহাণুর, তা বোঝা কঠিন। ছবিগুলো দেখে বোঝা যাবে, ডার্ট অভিযানের কোনো অংশ এখনো পৃষ্ঠে আছে কি না, নাকি সেখান থেকে বেশির ভাগ ধ্বংসাবশেষই ছিটকে গেছে।”
নাসার ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট (ডার্ট) অভিযানের লক্ষ্য ছিল গ্রহাণুর গতিপথ বদলে দেওয়ার প্রযুক্তি পরীক্ষা করা। কোনো গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠলে, এই প্রযুক্তি মানবজাতিকে ডাইনোসরদের মতো পরিণতি থেকে রক্ষা করতে পারে কি না, সেটিই ছিল পরীক্ষার উদ্দেশ্য।
ডিমরফোস বা তার চেয়ে বড় সঙ্গী গ্রহাণু ডিডিমোস—কোনোটিই পৃথিবীর জন্য হুমকি ছিল না। তবে তাদের গতিবিধি বিজ্ঞানীদের জন্য সুবিধাজনক পরীক্ষার সুযোগ তৈরি করে। এর মাধ্যমে গ্রহাণুর গতিপথ বদলাতে সেটিকে ধাক্কা দেওয়ার কৌশল কার্যকর হতে পারে কি না, তা যাচাই করা সম্ভব হয়।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ঘণ্টায় ১৩ হাজার মাইলেরও বেশি গতিতে প্রায় আধা টন ওজনের ডার্ট মহাকাশযানটি ডিমরফোসে আঘাত করে। এতে বিপুল পরিমাণ পাথুরে ধ্বংসাবশেষ মহাকাশে ছিটকে পড়ে।
পৃথিবীর বিভিন্ন টেলিস্কোপের পর্যবেক্ষণে দেখা যায়, অভিযানটি ডিডিমোসকে প্রদক্ষিণ করতে ডিমরফোসের যে সময় লাগত, তা প্রায় ৩৩ মিনিট কমিয়ে আনতে সফল হয়েছে। সংঘর্ষের আগে নাসার কর্মকর্তারা বলেছিলেন, কক্ষপথের সময় ৭৩ সেকেন্ড বা তার বেশি কমানো গেলে সেটিকে সফল অভিযান হিসেবে গণ্য করা হবে।
তবে গ্রহাণুটির কতটা অংশ স্থানচ্যুত হয়েছে এবং সংঘর্ষের প্রতিক্রিয়ায় সেটি ঠিক কীভাবে সাড়া দিয়েছে, তা এখনো অজানা।
এ বিষয়ে অনুসন্ধানের জন্য ২০২৪ সালের ৭ অক্টোবর হেরা অভিযান উৎক্ষেপণ করে ইএসএ। দুই বছরের যাত্রা শেষে চলতি মাসে মহাকাশযানটি গ্রহাণু দুটির কাছে পৌঁছেছে। বর্তমানে এটি ১৫ থেকে ১৮ মাইল (২৫ থেকে ৩০ কিলোমিটার) দূর থেকে সেগুলো পর্যবেক্ষণ করছে।
২০২৪ সালে প্রকাশিত কম্পিউটার সিমুলেশনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ডার্ট হয়তো বড় কোনো গর্ত তৈরি করার বদলে পুরো গ্রহাণুটির আকৃতিই বদলে দিয়েছে।
হুইটেকার বলেন, বিজ্ঞানীরা ছবিগুলোতে এ ধরনের পরিবর্তনের প্রমাণ খুঁজবেন। হেরার সঙ্গে থাকা যন্ত্রপাতির সাহায্যে পৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্যের উচ্চতাও পরিমাপ করা যাবে।
তিনি বলেন, “আগের ডিমরফোসে মসৃণ এলাকা, বিষুবীয় উঁচু অংশ এবং পাথরের মতো বড় বড় আকৃতি ছিল। এগুলো এখনো আছে কি না, তা বিশ্লেষণ করলে কী ঘটেছিল, তা বুঝতে সুবিধা হবে।”
আগামী কয়েক মাসে হেরা ক্রমে গ্রহাণু দুটির আরও কাছে যাবে এবং জুতার বাক্সের আকারের দুটি ছোট উপগ্রহ ছাড়বে। এর একটি রাডার ব্যবহার করে ডিমরফোসের ভেতরের অংশ পর্যবেক্ষণ করবে।
এই অনুসন্ধানের চূড়ান্ত লক্ষ্য হলো, গ্রহাণুর গতিপথ বদলানোর প্রযুক্তিকে একবারের সফল পরীক্ষা থেকে পৃথিবীকে রক্ষার নির্ভরযোগ্য পদ্ধতিতে পরিণত করা।
হুইটেকার বলেন, “গ্রহাণুর গতিপথ বদলানোর প্রাথমিক ধারণাটি শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা নয়।” মহাকাশযান কোনো গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে তাতে স্থানান্তরিত ভরবেগের কারণে গ্রহাণুটির গতি বদলানোর কথা। তবে সংঘর্ষে গ্রহাণুটি কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তার ওপরও অনেক কিছু নির্ভর করে—বিশেষ করে কতটা পদার্থ মহাকাশে ছিটকে বেরিয়ে যায়।
তিনি বলেন, “এই ছবিগুলো আঘাতের পর সেখানে কী আছে, তা বুঝতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও নির্ভুল হিসাব করতে সহায়তা করবে।”