মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন মেসেজ শিডিউল সুবিধা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা লিখে নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও ব্যবহার করা যাবে সুবিধাটি।

হোয়াটসঅ্যাপের প্রধান কুনাল শাহ সম্প্রতি এক ব্লগ পোস্টের মাধ্যমে নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্যবহারকারীদের সবচেয়ে বেশি চাওয়া ফিচারগুলোর মধ্যে মেসেজ শিডিউল অন্যতম।

নতুন সুবিধার আওতায় ব্যবহারকারীরা ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন আগে পর্যন্ত মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন। ফলে জন্মদিনের শুভেচ্ছা, গুরুত্বপূর্ণ স্মরণবার্তা কিংবা প্রয়োজনীয় কোনো তথ্য নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য আর অপেক্ষা করে থাকতে হবে না।

যেভাবে শিডিউল করবেন মেসেজ

হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করার পদ্ধতিও বেশ সহজ। প্রথমে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের চ্যাটে গিয়ে নিজের বার্তাটি লিখতে হবে। এরপর সেন্ড বাটন চেপে ধরে রাখতে হবে। সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করে মেসেজ শিডিউল করা যাবে।

নির্ধারিত সময়ে বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে। প্রাপকও সাধারণ মেসেজের মতোই এটি দেখতে পাবেন। অর্থাৎ, বার্তাটি আগে থেকে শিডিউল করা হয়েছে কি না, তা আলাদাভাবে বোঝার কোনো সুযোগ থাকবে না।

ফোন বন্ধ থাকলেও পৌঁছাবে মেসেজ

নতুন ফিচারটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, ব্যবহারকারীর ফোন বন্ধ থাকলেও কিংবা ব্যাটারি শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে বার্তা পৌঁছে যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

এ ছাড়া নির্ধারিত বার্তাগুলোও অন্যান্য ব্যক্তিগত বার্তার মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার আওতায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ এসব বার্তার বিষয়বস্তু পড়তে পারবেন না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে চালু হচ্ছে সুবিধা

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন মেসেজ শিডিউল ফিচারটি বিশ্বব্যাপী চালু করা হচ্ছে। টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও পাঠানোর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই সুবিধা।

তবে সব ব্যবহারকারী একই সময়ে ফিচারটি পাবেন না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সবার জন্য এটি উন্মুক্ত করা হবে।

নতুন এই সুবিধা চালু হলে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসায়িক বার্তা আদান-প্রদান, জন্মদিনের শুভেচ্ছা কিংবা গুরুত্বপূর্ণ নোটিশ পাঠানো আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে