কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তবে এই প্রযুক্তির ঝুঁকি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। এমনকি বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে যাওয়া কিংবা ব্যাংকিং ও আর্থিক লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন এআই প্রযুক্তির অন্যতম পথিকৃৎ ও নোবেলজয়ী বিজ্ঞানী জিওফ্রি হিন্টন।

সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব উদ্বেগের কথা তুলে ধরেন। ৭৮ বছর বয়সী এই বিজ্ঞানীর আশঙ্কা, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের মধ্যেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

জিওফ্রি হিন্টন মনে করেন, ভবিষ্যতে হয়তো মানুষ উপলব্ধি করবে, এআই তৈরি না করাই ভালো ছিল। তবে প্রযুক্তিটির সম্ভাবনা নিয়েও আশাবাদী তিনি। তাঁর মতে, এআই মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি পৃথিবীকে সম্পদ ও সুযোগের প্রাচুর্যের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে এই প্রযুক্তিই মানবজাতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

এআই নিয়ে নিজের সতর্ক অবস্থানের ব্যাখ্যায় হিন্টন বলেন, এ বিষয়ে কথা বলার একটি বিশেষ দায়িত্ব তিনি অনুভব করেন। প্রযুক্তি জগতে তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে এআইয়ের সম্ভাব্য বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে চান তিনি।

এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতাও উদ্বেগ বাড়াচ্ছে এই বিজ্ঞানীর। তাঁর মতে, বাজারে আধিপত্য প্রতিষ্ঠা ও মুনাফা অর্জনের লক্ষ্যে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো দ্রুত আরও শক্তিশালী এআই মডেল তৈরি করছে। কিন্তু এসব প্রযুক্তি বাজারে ছাড়ার আগে সম্ভাব্য ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশেষ করে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের প্রতি আস্থাহীনতার কথা জানিয়েছেন হিন্টন। তাঁর অভিযোগ, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মতো প্রযুক্তি উদ্যোক্তারা এআইয়ের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও অর্থ উপার্জন ও ব্যবসায়িক প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এআইয়ের ঝুঁকি সম্পর্কে হিন্টনের উদ্বেগের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাও রয়েছে। চলতি বছরের গ্রীষ্মে ওপেনএআইয়ের কয়েকটি এআই এজেন্ট হাগিং ফেস ওয়েবসাইটে হ্যাকিংয়ের ষড়যন্ত্রে জড়িয়েছিল বলে অভিযোগ ওঠে। ঘটনাটিকে ভবিষ্যতের বড় বিপর্যয়ের সম্ভাব্য সতর্কসংকেত হিসেবে দেখছেন তিনি।

এ প্রসঙ্গে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঘটে যাওয়া দুর্ঘটনার উদাহরণ টানেন হিন্টন। তাঁর মতে, ওই ঘটনা যেমন আরও বড় বিপর্যয়ের আগে সতর্কবার্তা দিয়েছিল, তেমনি এআইয়ের ক্ষেত্রেও বর্তমান ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

হিন্টনের আশঙ্কা, এআই ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে। এতে ব্যাপকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। এমনকি কোনো সাইবার হামলা বা প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে পুরো এক সপ্তাহের জন্য আর্থিক লেনদেন ব্যবস্থা অচল হয়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।

এ ধরনের বিপর্যয় ঘটলে বিশ্বনেতারা এআইয়ের ঝুঁকি নিয়ে আরও গুরুত্বের সঙ্গে ভাবতে বাধ্য হবেন বলে মনে করেন তিনি।

এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে কঠোর নীতিমালা প্রণয়নের পক্ষে মত দিয়েছেন জিওফ্রি হিন্টন। তাঁর মতে, উন্নত এআই মডেল বাজারে ছাড়ার আগে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা, স্বাধীন মূল্যায়ন এবং বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন নীতিমালা থাকা জরুরি।

এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগের প্রতি ফিনল্যান্ডের প্রেসিডেন্টসহ ৩২টি দেশ সমর্থন জানিয়েছে। সমর্থনকারী দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াও রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক উদ্যোগের বিরোধিতা করেছেন। তাঁর প্রশাসনের আশঙ্কা, কঠোর আন্তর্জাতিক বিধিনিষেধ যুক্তরাষ্ট্রকে এআই উন্নয়নের প্রতিযোগিতায় চীনের তুলনায় পিছিয়ে দিতে পারে। এ কারণে এআই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কার্যক্রম নিজেরাই নিয়ন্ত্রণ করার সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

এআইয়ের পথিকৃৎ কেন এত উদ্বিগ্ন?

প্রায় চার দশকের বেশি সময় ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করছেন জিওফ্রি হিন্টন। ১৯৭০-এর দশকে তিনি কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেন। মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষের সংযোগ থেকে অনুপ্রাণিত এই প্রযুক্তি কম্পিউটারকে তথ্য থেকে শেখার এবং অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আধুনিক এআই প্রযুক্তির বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি। এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে স্বাধীনভাবে কথা বলার জন্য ২০২৩ সালে গুগলের চাকরিও ছেড়ে দেন এই বিজ্ঞানী।

হিন্টনের মতে, আগামী এক দশকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে মানুষ এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণে সক্ষম হচ্ছে কি না। সফল হলে এআই এমন এক ভবিষ্যৎ তৈরি করতে পারে, যেখানে মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং প্রয়োজনীয় সম্পদের প্রাচুর্য তৈরি হবে। তিনি এই সম্ভাবনাকে অভিহিত করেছেন ‘র‍্যাডিক্যাল অ্যাবানড্যান্স’ হিসেবে।

তবে ব্যর্থ হলে বাড়তে পারে ধনী-দরিদ্রের বৈষম্য, বেকারত্ব ও সামাজিক অস্থিরতা। এমনকি মানুষের প্রচলিত সামাজিক কাঠামোও বড় সংকটের মুখে পড়তে পারে।

সব মিলিয়ে, এআইকে মানবসভ্যতার জন্য একই সঙ্গে সম্ভাবনা ও ঝুঁকির প্রযুক্তি হিসেবে দেখছেন জিওফ্রি হিন্টন। তাঁর সতর্কবার্তা, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা না গেলে মানুষের কল্যাণে তৈরি এআই একসময় মানবজাতির জন্যই বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে।