এবার প্রথমবারের মতো কোনো সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী বুবলি। সংবাদ পাঠিকা থেকে অভিনয়শিল্পী- বিভিন্ন পরিচয়ে দর্শকের সামনে এসেছেন শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও সম্প্রতি নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। 

জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার একটি গানে শোনা যাবে বুবলীর কণ্ঠ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

পরিচালক জানিয়েছেন, গানটি নিয়ে বুবলীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এতে কণ্ঠ দেওয়ার প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন অভিনেত্রী। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। আগামী ডিসেম্বর মাসে গানটির রেকর্ডিং করার পরিকল্পনা রয়েছে।

জাহিদ হোসেন বলেন, শুটিংয়ের সময় গানটির একটি ডেমো বুবলীকে শোনানো হয়েছিল। গানটি তাঁর ভালো লাগায় তাঁকে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে তিনি এতে সম্মতি জানান।

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে সিনেমাটিতে তুলে ধরা হবে পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির চতুর্থ সিনেমা এটি।

এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুসহ অনেকে।

এদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন বুবলী। সম্প্রতি তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ থেকে নির্মিত হয়েছে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। মুরসালিন সরকার পরিচালিত সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের জন্য। আগামী ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে উৎসবটির এবারের আয়োজন।