টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন এই অভিনেত্রী—এমন খবর প্রকাশ করেছে কলকাতার সংবাদমাধ্যম। যদিও এ বিষয়ে এখনো নিজে মুখ খোলেননি মিমি।

e5a89895-ff37-4b0f-b5cd-4d3a78601c0f.png

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির হবু জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি চলচ্চিত্র জগতের কেউ নন, পেশায় নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে টালিউডের অন্দরমহলে খবর। তবে এত দিন বিষয়টি ব্যক্তিগত রেখেছিলেন দুজনই।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কলকাতার কসবার নিজের ফ্ল্যাটে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন মিমি। একই দিনে আংটিবদলের আয়োজনও রয়েছে। এতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েকজন টালিউড তারকার উপস্থিত থাকার কথা রয়েছে।

ba1edc21-3a99-494f-8783-d138d626ec9a.png

তবে বিয়ের মূল আয়োজন কলকাতায় নয়, পাহাড়ি শহর কালিম্পংয়ে। আগামী ৫ ডিসেম্বর থেকে সেখানে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ১১ ডিসেম্বর কলকাতায় বসবে বিবাহোত্তর সংবর্ধনার আসর। সেখানে টালিউডের বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।

এদিকে বিয়ের প্রস্তুতি নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি কলকাতার একটি নামী অলংকার বিপণিতে কেনাকাটা করতে দেখা গেছে অভিনেত্রীকে। পাশাপাশি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোর থেকেও মিমির বিয়ের পোশাক কেনাকাটার ভিডিও প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

02729ca4-e928-4adb-b0cc-9169e5ea660f.png

মিমির বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই টালিউডে চলছে নানা জল্পনা। এর মধ্যে পোষ্যদের সঙ্গে হবু বর-কনের ছবি দিয়ে তৈরি একটি অভিনব বিয়ের আমন্ত্রণপত্রও আলোচনায় এসেছে। অভিনেত্রীর মামা রাম চক্রবর্তীও তাঁর বিয়ে নিয়ে মুখ খুলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিয়ের খবর নিয়ে এখনো নীরব মিমি চক্রবর্তী। ফলে সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য ও জল্পনার মধ্যেই আপাতত সীমাবদ্ধ রয়েছে অভিনেত্রীর বিয়ের আয়োজন নিয়ে আলোচনা।