সিরাজগঞ্জে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিজেদের ৭ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ এনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
বিকেল ৪টায় জেলা জামায়াতের আয়োজনে শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির জেলা আমির মাওলানা শাহীনুর আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম।
এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি বাস্তবায়ন, রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে নেতারা বলেন, দেশে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগেরও প্রতিবাদ জানান তারা।
বক্তারা ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি আদায় এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান জামায়াত নেতারা।