রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীর বানেশ্বর বাজারে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা জিন্নাত আলী, রাজশাহী পূর্ব জেলার বিভিন্ন উপজেলার আমীর, ইউনিয়ন পর্যায়ের আমীরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা।