সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অভিযানে ভাটাটির মালিকপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ইট পোড়ানোর কাজে ব্যবহৃত চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া অভিযান চলে প্রায় দেড় ঘণ্টা।

e38990cc-2e81-4c01-8fa5-87cf6ef79963.jpg

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স সুফিয়া ব্রিকসকে লক্ষ্য করে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। আইনগত ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় শেষে ইটভাটার চিমনিটি ভেঙে অপসারণ করা হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আসাদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের পক্ষে মামলার প্রসিকিউশন পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।

অভিযান নির্বিঘ্ন করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা আনসার সদস্যরাও দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।