নওগাঁর বদলগাছী উপজেলার ৭ নং আধাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় ৭ নং আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নয়ন।
খোরশেদ আলম রাজুর সঞ্চালনায়, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ আলী চাঁন, হামিদুল ইসলাম।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই মতবিনিময় সভায় নবীন, প্রবীণ, তরুন ও শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত এলাকার একাধিক বাসিন্দা তাদের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তারা এমন একজন যোগ্য, বিবেকবান ও সমাজের দর্পণস্বরূপ মানুষকে দেখতে চান, যাঁর নেতৃত্বে আগামী পাঁচ বছর ইউনিয়নের সামাজিক ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলো এগিয়ে যাবে।
স্থানীয়দের ভাষায়, অতীতে অনেক চেয়ারম্যান এলেও এবার তারা এমন একজন যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছেন, যিনি সাধারণ মানুষের কথা ভাববেন এবং তাদের পাশে সর্বক্ষণ থাকবেন।