আত্মপরিচয়ের সংকট- সমসাময়িক তরুণ প্রজন্মের এমন নানা অভিজ্ঞতা নিয়ে নির্মিত পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’। চার তরুণ-তরুণীর জীবনের গল্পের মধ্য দিয়ে জেন-জি প্রজন্মের মনস্তাত্ত্বিক জটিলতা তুলে ধরেছে ধারাবাহিকটি। সময়ের সঙ্গে মিল রেখে গল্প বলার ধরন এবং চরিত্রগুলোর বাস্তবধর্মী উপস্থাপনার কারণে দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে নাটকটি।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন উমেরা আহমেদ। পরিচালনা করেছেন সাকিব খান। এতে জারিয়াব, জামিল, আবু বকর ও হামনা- এই চার তরুণ-তরুণীর জীবন, সম্পর্ক, প্রত্যাশা ও সংকটের নানা দিক তুলে ধরা হয়েছে।

গল্পে উঠে এসেছে ভালোবাসা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, পারিবারিক দায়িত্ব, ধর্মীয় বিশ্বাস, আত্মপরিচয় এবং জীবনের অর্থ খোঁজার মতো বিষয়। সম্পর্কের প্রতি প্রত্যাশা ও বাস্তবতার সংঘাত কীভাবে তরুণদের মানসিক জীবনে প্রভাব ফেলে, সেটিও দেখানো হয়েছে নাটকে।

বিশেষ করে জারিয়াবের চরিত্রে ফুটে উঠেছে ভালোবাসার সম্পর্কে প্রত্যাখ্যাত হওয়ার ভয় এবং অন্যের স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার মধ্যে তৈরি হয় মানসিক অস্থিরতা ও আত্মমর্যাদার সংকট।

অন্যদিকে জামিলের চরিত্রে দেখা যায় ভিন্ন ধরনের দ্বন্দ্ব। ধনী পরিবারের সন্তান হয়েও নিজের ব্যর্থতা ও আবেগগত দুর্বলতার মুখোমুখি হতে চায় না সে। নিজের পরিচয় ও জীবনযাপনে পরিবর্তন আনার চেষ্টা করলেও অতীতের ভুলের দায় স্বীকার করতে তার অনীহা রয়েছে।

এভাবে চারটি চরিত্রের ভিন্ন অভিজ্ঞতা ও মানসিক অবস্থার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের সম্পর্ক, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সংকটের নানা দিক তুলে ধরেছে ‘দার-ই-নিজাত’।’