চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর আহত অবস্থায় পালিয়ে রাজশাহীতে আশ্রয় নিয়েছিলেন নাজমুল করিম ওরফে নুরুল। নগরের একটি বাসায় গোপনে চলছিল তাঁর চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। এসআরবি-৫-এর দাবি, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গেও জড়িত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালান এসআরবি সদস্যরা। তখন নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। তাঁকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জের পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে ছিলেন নাজমুল।