অভিনেত্রীর পরনে ছিল সোনালি রঙের পোশাক। অন্য দিকে, বর পরেছিলেন সাদা রঙের পাজামা ও পাঞ্জাবি।
বিয়ের প্রশ্ন বারবার এড়িয়ে গিয়েছেন। অবশেষে বাগদানের ছবি নিজেই প্রকাশ করলেন মিমি চক্রবর্তী। সকাল থেকেই টলিপাড়ার অপেক্ষায় ছিল নতুন বেশে অভিনেত্রীকে দেখার জন্য। যদিও প্রকাশ করা ছবিগুলিতে নবদম্পতির মুখ থেকেছে আড়ালেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদানের পাশাপাশি আইনি বিয়েও সারলেন মিমি ও তাঁর স্বামী সিদ্ধার্থ দত্ত। অভিনেত্রীর পরনে ছিল সোনালি রঙের পোশাক। অন্য দিকে, বর পরেছিলেন সাদা রঙের পাজামা ও পাঞ্জাবি। দক্ষিণ কলকাতায় ঘনিষ্ঠ পরিজনকে নিয়ে বসেছিল মিমির বিয়ের আসর। আইনি বিয়েতে খাওয়াদাওয়ার আয়োজনেও ছিল চমক।
সূত্রের খবর, খাবারের মধ্যে ছিল ছানার কোফতা, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ বল। রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম, ফ্রায়েডরাইস, মুরগির মাংস ও খাসির মাংসও ছিল সেই তালিকায়। মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, সন্দেশ এবং সব শেষে আইসক্রিম ও পান।
শুক্রবার বিয়ের আসরে প্রবেশ করার আগে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানান, তিনি এখন সম্পর্কে মিমির জা। অর্থাৎ ত্রমিলা সম্পর্কে সিদ্ধার্থের বৌদি। তিনি বলেন, “আমার নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। আমাদের পরিবারের সকলেই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। ও আমাদের থেকে অনেকটাই ছোট।”