প্রথমবারের মতো প্রাক্‌শিল্পযুগের তুলনায় টানা ছয় দিন বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বৈশ্বিক ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রাক্‌শিল্পযুগের তুলনায় ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা এ পর্যন্ত সর্বোচ্চ। আগামী কয়েক দিনও তাপমাত্রা প্রায় একই উচ্চতায় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাপমাত্রার এই রেকর্ড প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা ছয় দিনের এই তাপমাত্রা বৃদ্ধি দিয়ে প্যারিস জলবায়ু চুক্তির সর্বোচ্চ তাপমাত্রা-সীমা অতিক্রম হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করা না হলে ভবিষ্যতে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এটি তার আগাম ইঙ্গিত। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের গতি বাড়ছে কি না, তা নিয়েও বিজ্ঞানীদের উদ্বেগ বাড়তে পারে।

কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গেস বলেন, বৈশ্বিক তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি নজিরবিহীন। কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে। প্রতিদিন তাপমাত্রায় কিছুটা ওঠানামা থাকলেও বর্তমান মাত্রা জলবায়ু কতটা উষ্ণ হয়ে উঠেছে, তার স্পষ্ট ইঙ্গিত দেয়।

এর আগে ২০২৩ সালের নভেম্বর ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বৈশ্বিক তাপমাত্রা প্রাক্‌শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়েছিল। তবে ওই দুই দফায় তাপমাত্রা এত দিন স্থায়ী হয়নি এবং বর্তমান সময়ের মতো এত উচ্চ পর্যায়েও পৌঁছায়নি।

বার্কলে আর্থের জলবায়ু গবেষক জেকে হাউসহাদার বলেন, প্রতিদিনই নতুন বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড তৈরি হচ্ছে। ২০২৩ সালে ১৮৫০ থেকে ১৯০০ সালের গড় তাপমাত্রার তুলনায় ২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার যে রেকর্ড হয়েছিল, বর্তমান তাপমাত্রা তা ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে দীর্ঘদিন ধরে চলা বৈশ্বিক উষ্ণায়ন এবং অস্বাভাবিক শক্তিশালী এল নিনো এই দুই কারণে তাপমাত্রার এমন উল্লম্ফন ঘটছে। বর্তমানে এল নিনো সর্বোচ্চ পর্যায়ের দিকে এগোচ্ছে।

সামান্থা বার্গেস জানান, ১৮৭০-এর দশকে সর্বশেষ এ মাত্রার এল নিনো দেখা গিয়েছিল। ওই সময় এর প্রভাবে ভয়াবহ দুর্ভিক্ষে প্রায় পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। বিজ্ঞানীদের ধারণা, বর্তমান এল নিনো এখন থেকে আগামী জানুয়ারির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে এর পূর্ণ প্রভাব অনুভূত হতে আরও কয়েক মাস সময় লাগবে।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির অতিরিক্ত তাপ ইতিমধ্যে জলবায়ু সংকটকে আরও জটিল করে তুলছে। এর প্রভাবে ইন্দোনেশিয়া ও আমাজনের গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে খরা ও দাবানলের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর (মেট অফিস) পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েক মাসে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। খরার কারণে গ্রীষ্মমণ্ডলীয় বাস্তুতন্ত্রের উদ্ভিদের বৃদ্ধি কমে যাওয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণের ক্ষমতাও হ্রাস পাচ্ছে।

মেট অফিসের হ্যাডলি সেন্টারের জলবায়ু প্রভাব গবেষণার প্রধান রিচার্ড বেটস বলেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড জমার যে প্রবণতা রয়েছে, এই পরিস্থিতি তা আরও বাড়িয়ে দেবে। চলতি বছর থেকে আগামী বছর পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব প্রতি দশ লাখে প্রায় ৩ দশমিক ৫ অংশ (পিপিএম) বাড়তে পারে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই বৃদ্ধির হার এক-তৃতীয়াংশ বেশি এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে হারে বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, তার প্রায় দ্বিগুণ। গার্ডিয়ান