ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানির ঘটনায় সিঙ্গাপুর এয়ারলাইনসে গ্রেপ্তার হয়েছিলেন এক বাংলাদেশি যুবক। জামিনে মুক্তি পাওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে আবারও পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

এবার মাতাল অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ এবং এক কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দুই ঘটনায় দোষ স্বীকার করায় তাকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দণ্ডিত বাংলাদেশির নাম খন্দকার মো. ইয়ামিন। তার বয়স ২৩ বছর।

গত ২৩ নভেম্বর আদালত তাকে এই সাজা দেন। বিমানবালাকে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন ইয়ামিন। ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক বিমানবালার স্পর্শকাতর স্থানে হাত দেন। আদালতে সহকারী সরকারি কৌঁসুলি ক্লারা লো জানান, কয়েক সেকেন্ড ধরে এই ঘটনা ঘটে।

এতে ২৬ বছর বয়সী ওই বিমানবালা আতঙ্কিত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে স্পর্শ করতে নিষেধ করেন। কিন্তু জবাবে কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন ইয়ামিন।

পরে বিমানবালা তার এক সহকর্মীকে বিষয়টি জানান। ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। সেদিন সকালে ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আদালতের নথিতে ফ্লাইটটি কোথা থেকে ছেড়েছিল, তা উল্লেখ করা হয়নি। পরে ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি।

যৌন হয়রানির ঘটনায় জামিনে মুক্তি পাওয়ার পর গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে আবারও পুলিশের নজরে আসেন ইয়ামিন। লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসে কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন তিনি।

সহকারী সরকারি কৌঁসুলি জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা দেখতে পান, ইয়ামিনের নাক দিয়ে রক্ত ঝরছে। চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে এদিক-ওদিক ছটফট করতে থাকেন।

পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেট চেয়ে না পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে এক পুলিশ সদস্য তার পা চেপে ধরে রাখলে ইয়ামিন ওই কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন।

দুই ঘটনায় আদালতে দোষ স্বীকার করায় শেষ পর্যন্ত চার মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে।