সংবিধান দিবসেও বিরোধীদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ কমালেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত আসন কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চায় বিরোধীরা। সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত একটি নিবন্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী। তাঁর নিশানায় মূলত কংগ্রেস। 

মোদীর দাবি, সংবিধান প্রণেতারা, বিশেষ করে ডক্টর বি আর আম্বেদকর, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধী ছিলেন। অথচ বিরোধী শিবির সেই পথেই এগোতে চাইছে। একই সঙ্গে সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কটাক্ষ, বিরোধী দল এখন আর বিরোধী পক্ষ নয়, বরং বাধা দেওয়ার পক্ষ বা ‘অবরোধ পক্ষ’ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে নিজের ওয়েবসাইটে একটি নিবন্ধ লেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় তাঁর সেই লেখা। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই দিনটির স্মরণেই প্রতি বছর সংবিধান দিবস পালন করা হয়। নিবন্ধের শুরুতেই সংবিধান প্রণেতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর এবং গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান মোদী।

এর পরেই সংরক্ষণ নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বিরোধী শিবিরের সবচেয়ে বড় দল ওবিসিদের সংরক্ষণের পরিমাণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চাইছে। মোদীর কথায়, সংবিধান প্রণেতারা এমন ব্যবস্থার বিরোধী ছিলেন। বিশেষ করে আম্বেদকর এই ধরনের পদক্ষেপের পক্ষে ছিলেন না বলে দাবি করেছেন তিনি। যদিও নিবন্ধে কংগ্রেসের নাম সরাসরি উল্লেখ করেননি প্রধানমন্ত্রী, তাঁর বক্তব্যের নিশানা যে কংগ্রেস, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মহিলা সংরক্ষণ বিল নিয়েও কংগ্রেসকে নিশানা করেছেন মোদী। তাঁর অভিযোগ, চলতি বছরের এপ্রিলে সংসদে মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ হতে দেয়নি বিরোধীরা। এর ফলে মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ বাধা পেয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, মহিলাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

উল্লেখ্য, লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল আনা হয়েছিল। তবে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে এই সংরক্ষণ কার্যকর করার প্রস্তাব যুক্ত থাকায় বিরোধীরা আপত্তি জানায়। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এপ্রিলে লোকসভায় বিলটি পাশ হয়নি।

সংসদে বিরোধীদের প্রতিবাদ ও অধিবেশন ভণ্ডুল করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, গণতন্ত্রে বিরোধীদের নির্দিষ্ট ভূমিকা রয়েছে। সরকারের সমালোচনা করা বিরোধীদের অধিকার। কিন্তু সংসদের কাজকর্মে বাধা দিয়ে সেই দায়িত্ব পালন করা যায় না। এই প্রসঙ্গেই ‘বিরোধী পক্ষ’ থেকে ‘অবরোধ পক্ষ’ হয়ে ওঠার কটাক্ষ করেছেন তিনি।