ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয় বলে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়কে আপাতত কোনও আইনি নজির হিসেবে গণ্য করা যাবে না। বুধবার এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় উত্তরপ্রদেশ সরকার-সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। মামলাটি কর্নাটকের হিজাব সংক্রান্ত আগের মামলার সঙ্গেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২০ নভেম্বর বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ এই নির্দেশ দেয়। মুসলিম মহিলাদের সংগঠন ‘মুসলিম উইমেনস স্টাডি সার্কল’ এলাহাবাদ হাইকোর্টের ২১ আগস্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন জানিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই রায়কে কোনও বাধ্যতামূলক আইনি নজির হিসেবে বিবেচনা করা যাবে না।
ঘটনার সূত্রপাত প্রয়াগরাজের টেগোর পাবলিক স্কুলের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়াকে কেন্দ্র করে।
সুয়েনা রিজভি নামে এক ছাত্রী স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরতে চেয়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাতে আপত্তি জানায়। এরপর আদালতের দ্বারস্থ হয় ওই ছাত্রী। গত ২১ আগস্ট বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লের বেঞ্চ তার আবেদন খারিজ করে জানায়, ইসলাম ধর্মে হিজাব পরা অপরিহার্য ধর্মীয় রীতি, এমন দাবি প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য আদালতে পেশ করা হয়নি।
একই সঙ্গে আদালত জানায়, স্কুলের পোশাকবিধি যদি অভিন্ন, বৈষম্যহীন এবং শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে তৈরি হয়, তা হলে কোনও পড়ুয়া তা পরিবর্তনের দাবি করতে পারে না।
সুপ্রিম কোর্টে আবেদনকারীদের বক্তব্য, হাইকোর্টের রায় সংবিধানের ১৪, ১৫, ১৯(১)(ক), ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত অধিকার লঙ্ঘন করেছে। বিশেষত ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তাঁদের দাবি, কোরানের সুরা নুর ও সুরা আহজাবে নারীদের পর্দা সংক্রান্ত নির্দেশ রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে কর্নাটকের হিজাব মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ভিন্নমত পোষণ করেছিলেন। ফলে বৃহত্তর বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বর্তমান মামলাটিও সেই শুনানির সঙ্গে যুক্ত হওয়ায় হিজাব বিতর্কে শীর্ষ আদালতের চূড়ান্ত অবস্থানের দিকে নজর থাকবে।