ইরান যুদ্ধের জন্য যে আর্থিক বরাদ্দ বা তহবিল রয়েছে, তাতে ২০২৭ সাল পর্যন্ত যুদ্ধ চালিয়ে নিতে পারবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন অবশ্য তিনি এ-ও দাবি করেছেন যে চাইলে ‘যে কোনো মুহূর্তে’ ইরান যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে সেটি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধ ইস্যুতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির কঠোর সমালোচনা করেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। ডেমোক্রেটিক পার্টি শুরু থেকেই ব্যাপকভাবে এই সামরিক অভিযানের বিরুদ্ধে ছিলো; কিন্তু সে সময় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাট এমপিদের আপত্তি ধোপে টেকেনি।
তবে এই চিত্র বদলে গিয়েছে গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর। এই নির্বাচনের মধ্যে দিয়ে ১৯৯২ সালের পর কংগ্রেসে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের দায়িত্ব নেবেন ডেমোক্র্যাট এমপিরা এবং কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের (প্রতিনিধি পরিষদ) সম্ভাব্য স্পিকার ইতোমধ্যে জোর দিয়ে বলেছেন যে কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাট এমপিদের প্রথম কাজ হবে ইরানে ‘স্বেচ্ছাচারী ও বেপরোয়া’ যুদ্ধ বন্ধ করা।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতৃত্বও নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা জয়ের দ্বারপ্রান্তে আছি; আর ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের একটি নিশ্চিত অর্জিত বিজয়কে পরাজয়ে রূপান্তর করতে চাইছে।”
জানুয়ারি মাসে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার প্রশাসন জানুয়ারি পর্যন্ত সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো আর্থিক প্রস্তুতি নিয়ে রেখেছে।