আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে এখনো অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে কয়েক জন অস্ত্রধারী ব্যক্তি। গতকাল মঙ্গলবার ঘটেছে এ ঘটনা।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলার দপ্তর এবং কলম্বিয়ার জাতীয় পুলিশের পক্ষ থেকে বরা হয়েছে, গতকাল (মঙ্গলবার) কার্তাহেনা শহরের একটি শপিং মল থেকে নগদ অর্থ বহনকারী আর্মার্ড গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর, পুলিশের দ্রুত অগ্রসর হওয়ার মুখে অস্ত্রধারীরা আন্তর্জাতিক সুপার মার্কেট চেইন এক্সিতো’র একটি শাখায় ঢুকে পড়ে এবং সেখানে থাকা লোকজনকে জিম্মি করে।

প্রথম অবস্থায় চেইন সুপার মার্কেটে থাকা ৩০ জনকে জিম্মি করেছিল অস্ত্রধারীরা। পরে ১০ জনকে তারা ছেড়ে দেয় বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর এবং জাতীয় পুলিশ।

রয়টার্সের হাতে থাকা ছবিতে দেখা গেছে, কার্তাহেনার লা কাস্তেলানা এলাকায় ওই দোকানের বাইরে ভারী অস্ত্রধারী সামরিক ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। উল্লেখ্য, কার্তাহেনার ঐতিহাসিক ঔপনিবেশিক এ এলাকাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, “দোকানের ভেতরে থাকা নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের নিরাপদে মুক্ত করার লক্ষ্যে আমাদের সমস্ত সম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা ও বিশেষায়িত ইউনিটগুলোকে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজে লাগানো হয়েছে।”

তবে এখনও জিম্মিকারী বা জিম্মি হওয়া ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। এক বিবৃতিতে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, “আমি কলম্বিয়ার জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা তাদের (জিম্মিদের) মুক্ত করে আনব।”

অস্ত্রধারীরা কোনো মাদক চোরাচালান গোষ্ঠীর সদস্য দাবি করে প্রেসিডেন্ট আরও বলেন, “এর জন্য দায়ী মাদক-সন্ত্রাসীদের সতর্ক করে বলছি: তোমরা যে রক্ত ​​ঝরিয়েছ, তার প্রতিটি ফোঁটার জন্য এবং যে ব্যবসা ও সম্পত্তি ধ্বংস করেছ, তার প্রতিটি অংশের জন্য তোমাদের জবাবদিহি করতে হবে। আমরা তোমাদের এর মূল্য দিতে বাধ্য করব। এই হামলার বিচার অবশ্যই হবে।”