শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে তুমুল জল্পনা চলছে। দিনক্ষণ হিসেবে ১৬ ডিসেম্বর বলা হয়েছে। তারইমধ্যে বাংলাদেশ নিয়ে বড় হুংকার দেওয়া হল ভারত থেকে। হুংকার দেওয়া হল যে ‘বাংলাদেশ নিয়ে নেব আমরা।’
তিন সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ‘নিয়ে নেওয়ার’ হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। প্রতিবেশী দেশে হিন্দুদের উপরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে, সেটার আবহে বিজেপি বিধায়ক বলেছেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা। অনেক হয়েছে। বাংলাদেশের কাছে আর কোনও বাহানা পড়ে নেই। বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, তার প্রতিশোধ নিতেই হবে। তা নিয়ে কোনও সন্দেহ নেই।’
যদিও ‘বাংলাদেশ নিয়ে নেব’ বলতে পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ঠিক কী বলতে চেয়েছেন, তা খোলসা করেননি। তারপরও তিনি যে দিনটার কথা উল্লেখ করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ১৬ ডিসেম্বর হল বিজয় দিবস। আর এই বছরের সেই দিনেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান বলে দাবি করা হয়েছে। হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের উড়ানেই ঢাকায় ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী।
আর হাসিনার মুখপাত্রের সেই মন্তব্যের পরে বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর দাবি করেছেন, বিচারব্যবস্থার মুখোমুখি করতেই হাসিনাকে ফেরানো হবে। বিচারের মুখোমুখি করতেই হাতকড়া পরিয়ে ফেরানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন।
একইসুরে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন, হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। পাশাপাশি বাংলাদেশের যে কোনও দূতাবাসে গেলে সেখানেও গ্রেফতার করা হবে হাসিনাকে। তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।
তবে এই পুরো বিষয়টি নিয়ে ভারতের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। হাসিনা যে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে দাবি করা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করেনি নয়াদিল্লি। অতীতে ভারতের কাছে একাধিকবার হাসিনার প্রত্যর্পণের দাবি তুলেছে ঢাকা। এবারও সেই প্রত্যর্পণের ‘রুট’ ধরেই তারেক রহমান সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চাইলে ভারত নয়া ঘটনাবলী নিয়ে কোনও মন্তব্য করেনি আপাতত।
এমনিতে হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই বাংলাদেশে অশান্তি ছড়িয়েছে। অভিযোগ উঠেছে যে বাংলাদেশের জেলার পর জেলায় ঝামেলা চলছে। টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র : হিন্দুস্থান টাইমস