দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উপকূলীয় শহর কার্তাহেনায় সশস্ত্র ডাকাতদলের হাতে অন্তত ৩০ জন পণবন্দি হওয়ার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টাকা বহনকারী একটি সাঁজোয়া ক্যাশ ভ্যান লুটের চেষ্টা করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে পাশের একটি শপিং মলে ঢুকে পড়ে ডাকাতরা। পরে পুলিশের হাত থেকে বাঁচতে সেখানে থাকা ক্রেতা ও কর্মীদের জিম্মি করে তারা। এ ঘটনায় পুরো শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ রাখা হয় বিমান চলাচল।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত শপিং মলে টাকা তুলতে আসা একটি সাঁজোয়া ক্যাশ ভ্যান লুটের চেষ্টা করে। এ সময় শপিং মলের সিসিটিভি অপারেটরদের সন্দেহ হলে তাঁরা জরুরি সতর্কসংকেত বা প্যানিক বাটন চাপেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর পথ না পেয়ে ডাকাতরা পাশের এল্টি সুপারমার্কেটে ঢুকে পড়ে। সেখানে ক্রেতা ও কর্মীসহ প্রায় ৩০ জনকে জিম্মি করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দ্রুত বিশেষ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে রাফায়েল নুনেজ বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিটের জন্য বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, জিম্মিদের মুক্তির বিনিময়ে সরকারের কাছে ২০ লাখ মার্কিন ডলার, একটি সাঁজোয়া গাড়ি এবং নিরাপদে পালিয়ে যাওয়ার পথ দাবি করেছে ডাকাতরা। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত করেনি।
এদিকে, জিম্মিদের নিরাপদে উদ্ধারে ডাকাতদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ। আলোচনার একপর্যায়ে পাঁচজন বয়স্ক নারীকে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। পরে আরও কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখনো অন্তত ২০ জন ডাকাতদের হাতে জিম্মি রয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিশেষ বাহিনীর সদস্যরা। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।
পুলিশ জানিয়েছে, জিম্মিদের নিরাপদে উদ্ধার করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।