ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের উদ্বেগের মধ্যেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ও মৃত্যুর ভয়াবহ পরিসংখ্যান সামনে এসেছে। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দিল্লির চারটি সরকারি হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ৬ হাজার ৫৮১ জন। একই সময়ে মারা গেছেন ৯১৩ জন। অর্থাৎ গড়ে প্রতি তিন দিনে একজনের মৃত্যু হয়েছে।

তথ্য অধিকার আইনের (আরটিআই) আবেদনের ভিত্তিতে পাওয়া এসব তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস)। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ৪ হাজার ৮৬০ জনের ফুসফুসের ক্যানসার শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৫৮ জন।

এ ছাড়া দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৩ জন, মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। রাম মনোহর লোহিয়া হাসপাতালে আক্রান্ত ১০৮ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। অন্যদিকে, সফদরজং হাসপাতাল আক্রান্তের সংখ্যা জানাতে না পারলেও ৩৯৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে।

আরটিআই আবেদনে ধূমপান করেন না, এমন রোগীর সংখ্যা জানতে চাওয়া হলেও কোনো হাসপাতালই এ-সংক্রান্ত তথ্য সরবরাহ করেনি।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বায়ুদূষণের সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। রাজধানীর ভয়াবহ বায়ুদূষণের মধ্যে উঠে আসা এই পরিসংখ্যান জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।