লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি নৌঘাঁটিতে সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববারের এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার পেছনে ইউক্রেনীয় বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছেন লিবিয়ার সামরিক কর্মকর্তারা।

লিবিয়ার দুই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘মার্কুরি’ লক্ষ্য করে কয়েকটি সামুদ্রিক ড্রোন ছোড়া হয়। এতে অন্তত দুটি ড্রোন সরাসরি জাহাজটিতে আঘাত হানে। আরও চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন তারা।

কর্মকর্তাদের দাবি, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পূর্ব লিবিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর নৌঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাশিয়া ও পূর্ব লিবিয়ার প্রশাসনের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য যুদ্ধজাহাজটি সেখানে নোঙর করেছিল।

ঘটনার তদন্তে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ। হামলার উৎস, পরিস্থিতি ও এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেনগাজি বন্দরের কাছে পৃথক আরেকটি হামলায় মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজও সামুদ্রিক ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভূমধ্যসাগরীয় উপকূলে আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংসের দাবি করেছে আলমাসার টেলিভিশন।

এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। রাশিয়া ও ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া রাজনৈতিক ও সামরিকভাবে বিভক্ত। দেশটির পশ্চিমাঞ্চলে ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-সমর্থিত সরকার এবং পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী প্রশাসনের নিয়ন্ত্রণ রয়েছে। তেলসমৃদ্ধ লিবিয়ায় রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও দীর্ঘদিনের। এবারের হামলা দেশটিতে রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।