বিসলেরির বোতলজাত পানির নমুনা নিয়ে নিরাপত্তা বিতর্কের জেরে এবার ভারতজুড়ে প্যাকেটজাত পানির সব ব্র্যান্ডের মান পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এফএসএসএআই) সঙ্গে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক সরকারি কর্মকর্তা।
বিসলেরির গোয়া কারখানায় উৎপাদিত বোতলজাত পানির একটি নমুনাকে প্রথমে অনিরাপদ ঘোষণা করে এফএসএসএআই। এর ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমোদনও দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। তবে পরবর্তী পরীক্ষায় নমুনাটি খাদ্য নিরাপত্তার নির্ধারিত মান পূরণ করেছে বলে জানা যায়। একই সঙ্গে অনিরাপদ হিসেবে চিহ্নিত পানির সংশ্লিষ্ট ব্যাচ বাজার থেকে প্রত্যাহার করা হয়।
বিসলেরি জানিয়েছে, ঘটনাটি ২০২৫ সালের সেপ্টেম্বরে গোয়া কারখানায় উৎপাদিত একটি ব্যাচের। এফএসএসএআইয়ের সংগ্রহ করা ছয়টি নমুনার মধ্যে পাঁচটি নির্ধারিত মান পূরণ করলেও একটি নমুনায় ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার বেশি পাওয়া যায়।
এ ফলাফলের বিরুদ্ধে আপিল করে বিসলেরি। পরে নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায়। তবে পরীক্ষায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ) শনাক্ত হওয়ার কথাও জানায় প্রতিষ্ঠানটি।
এ ছাড়া এফএসএসএআই অনুমোদিত আরেকটি পরীক্ষাগারেও একই নমুনার স্বাধীন পরীক্ষা করায় বিসলেরি। সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায় বলে দাবি প্রতিষ্ঠানটির।
বিসলেরির ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া হয়। এরপর আর কোনো যোগাযোগ না পাওয়ায় তারা বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে ধরে নেয়।
এদিকে, বিসলেরির নমুনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর ভারতের বাজারে থাকা অন্যান্য প্যাকেটজাত পানির ব্র্যান্ডগুলোর নিরাপত্তা ও মান যাচাইয়ে দেশজুড়ে পরীক্ষার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। এতে বোতলজাত পানির গুণগত মান এবং ভোক্তা নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।