অবাক করা কথা হলেও এটাই বাস্তব। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাথার একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা) বিক্রি হয়েছে। শনিবার ‘রিচমন্ড অকশনস’-এর মাধ্যমে এ নিলাম অনুষ্ঠিত হয় বলে গতকাল বিবিসি নিউজ জানিয়েছে। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

বাঁধানো ফ্রেমে সংরক্ষিত চুলগুলো ১৭৯৯ সালে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে তাঁর বন্ধু জন গ্যাডসবি স্মৃতিচিহ্ন হিসেবে পেয়েছিলেন। পরবর্তীতে এক সংগ্রাহকের হাত ঘুরে এটি নিলামে ওঠে।

এর আগে ২০২১ সালে ওয়াশিংটনের তিনটি চুল প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া জাদুঘর হিসেবে ব্যবহৃত তাঁর সাবেক বাসভবন ‘মাউন্ট ভার্ননে’ এখনো তাঁর চুলের অন্তত ৫০টি নমুনা সংরক্ষিত আছে। সূত্র : বিবিসি নিউজ।