জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন নিয়ে মতবিরোধের জেরে অচলাবস্থায় পড়েছে জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে নির্ধারিত সময়ের এক দিনের বেশি পেরিয়ে গেলেও নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে একমত হতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো।
সম্মেলনের সর্বশেষ খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশসহ কয়েকটি দেশ ও জোট আপত্তি জানিয়েছে। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে আরও অর্থায়নের দাবি জানিয়েছে আফ্রিকান দেশগুলোর জোট। তবে এ দাবিতে সমর্থন দিতে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন।
শনিবার আলোচনা স্থগিত হয়ে রাতের জন্য বিরতি দেওয়া হয়। পরিস্থিতির কারণে অনেক দেশের আলোচক দলের দেশে ফেরার ফ্লাইট রোববার থেকে পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে। এতে সম্মেলনে চুক্তি হওয়ার অনিশ্চয়তা আরও বেড়েছে।
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের কেন্দ্রে রয়েছে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার থেকে সরে আসার প্রতিশ্রুতি। সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ চূড়ান্ত চুক্তি থেকে এ ধরনের প্রতিশ্রুতি বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। বিপরীতে পানামা, সলোমন দ্বীপপুঞ্জ, কোত দিভোয়ার ও ইউরোপীয় ইউনিয়ন চুক্তিতে এ বিষয়ে সুস্পষ্ট ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই—এমন চুক্তি গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত পানামা মেনে নেবে না।
ফ্রান্সের পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী মনিক বারবুতও জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট অবস্থানের পক্ষে মত দিয়েছেন। তিনি চুক্তির খসড়ায় কার্বন ক্যাপচার, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির একাধিক উল্লেখের সমালোচনা করেন। তাঁর আশঙ্কা, এসব উল্লেখ তেল ও গ্যাস পোড়ানো অব্যাহত রাখার সুযোগ তৈরি করতে পারে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জীবাশ্ম জ্বালানি নিয়ে নতুন করে ভাষা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, সম্মেলনের মূল লক্ষ্য হওয়া উচিত পরিচ্ছন্ন জ্বালানির দিকে অগ্রসর হওয়া এবং জলবায়ু কার্যক্রম বাস্তবায়ন।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক কমিশনার ওপকে হোকস্ট্রা জানিয়েছেন, জলবায়ু কার্যক্রমের প্রয়োজনীয় বিষয়গুলো চুক্তিতে অন্তর্ভুক্ত না হলে সমঝোতা সম্ভব হবে না। তবে যুক্তরাজ্যের প্রধান আলোচক ও জ্বালানিমন্ত্রী মিয়াতা ফানবুলেহ চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশগুলোকে একমত করতে আলোচনা অব্যাহত রয়েছে এবং একটি ফলপ্রসূ চুক্তিতে পৌঁছাতে যুক্তরাজ্য কাজ করছে।
সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। কপ সম্মেলনের আলোচনায় প্রথমবারের মতো স্বীকার করা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণ হয়নি। বিশ্ব এখন তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা অতিক্রমের ঝুঁকিপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে, যা বিজ্ঞানীদের ভাষায় ‘ওভারশুট’ নামে পরিচিত। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও চরম তাপপ্রবাহের ঝুঁকি আরও বাড়তে পারে।
এদিকে, আলোচনায় একটি প্রস্তাব এসেছে—জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধপূর্ণ বিষয়টি বাদ দেওয়ার বিনিময়ে সৌদি আরবসহ কয়েকটি দেশ ২০৩৫ সালের মধ্যে তাদের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের অঙ্গীকার করবে। তবে এ প্রস্তাব উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য অতিরিক্ত অর্থায়নের দাবি পূরণ করছে না।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যেকোনো চুক্তি গ্রহণের জন্য সদস্য দেশগুলোর ঐকমত্য প্রয়োজন। ফলে আলোচনা ব্যর্থ হলে কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হতে পারে। ১৯৯৫ সালে কপ সম্মেলন শুরু হওয়ার পর এমন ঘটনা এর আগে মাত্র একবার ঘটেছে।
সুত্র-বিবিসি