৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিউইয়র্ক সিটি ম্যারাথন সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী নারী ডেইরড্রে কিন। এ দৌড়ের মধ্য দিয়ে এক বছরের মধ্যে সাতটি ওয়ার্ল্ড ম্যারাথন মেজর সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ১ নভেম্বর নিউইয়র্ক সিটি ম্যারাথনে অংশ নিয়ে ৪ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন ডেইরড্রে। অন্তঃসত্ত্বা অবস্থায় এটি ছিল তাঁর সপ্তম ম্যারাথন।
পেশায় নার্স প্র্যাকটিশনার ও ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ডেইরড্রে এর আগে টোকিও, বোস্টন, লন্ডন, সিডনি, বার্লিন ও শিকাগো ম্যারাথনে অংশ নিয়েছিলেন। সবশেষে নিউইয়র্ক সিটি ম্যারাথন শেষ করার মধ্য দিয়ে সাতটি প্রতিযোগিতাই সম্পন্ন করেন তিনি।
ওয়ার্ল্ড ম্যারাথন মেজরস হলো বিশ্বের ছয়টি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ম্যারাথন প্রতিযোগিতার একটি সিরিজ। এর মধ্যে রয়েছে টোকিও, বোস্টন, লন্ডন, বার্লিন, শিকাগো ও নিউইয়র্ক সিটি ম্যারাথন। ২০২৫ সাল থেকে সিডনি ম্যারাথনও এই সিরিজে যুক্ত হয়েছে।
এক বছরের মধ্যে সাতটি প্রতিযোগিতা শেষ করার পাশাপাশি অন্তঃসত্ত্বা অবস্থায় নিউইয়র্ক ম্যারাথনের ফিনিশিং লাইন অতিক্রম করায় আলোচনায় এসেছেন ডেইরড্রে কিন। তাঁর এই অর্জন ম্যারাথনপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।