সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ‘সভ্যতামূলক সংলাপ ফোরামে’ যোগ দিতে নয়া দিল্লিতে পৌঁছে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ড. মুসাদিক মালিক বহুপাক্ষিক সংলাপের সুযোগকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, সংস্কৃতি ও সভ্যতা কোনো সীমান্ত মানে না। ইতিহাস, ভূগোল ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।

২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো-জারদারির অংশগ্রহণের পর এটিই কোনো পাকিস্তানি মন্ত্রীর প্রথম ভারত সফর।

পাকিস্তান ২০২৬-২৭ মেয়াদে এসসিও রাষ্ট্রপ্রধান পরিষদের আবর্তনশীল সভাপতিত্ব গ্রহণ করেছে। আগামী ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে সংস্থাটির শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পাকিস্তান-ভারত সম্পর্কের উন্নতির সম্ভাবনা নিয়ে মুসাদিক মালিক বলেন, পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে এ অঞ্চলের দেশগুলোর সম্পর্কের উন্নতির সুযোগ রয়েছে।

সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়ে তিনি বলেন, দুই দেশেরই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে। তাঁর মতে, একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার এবং সমস্যার সমাধান সহজ হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ শুধু পাকিস্তান বা ভারতের একক সমস্যা নয়; বরং পুরো অঞ্চলের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তাই পারস্পরিক দোষারোপের পরিবর্তে প্রমাণভিত্তিক ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান করা জরুরি।

শনিবার এসসিওর সভ্যতামূলক সংলাপ ফোরামে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে পাকিস্তানি এই মন্ত্রীর।