রাশিয়ার জাতীয় প্রতীক হিসেবে পরিচিত বাদামি ভালুক। তবে দেশটিতে মানুষের সঙ্গে এই প্রাণীর সংঘাত ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভালুকের হামলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভালুক শিকারের সময় বাড়ানোসহ কয়েকটি প্রস্তাব দিয়েছে রাশিয়ার শিকারি ও মৎস্যজীবীদের সংগঠন।

রাশিয়ার শিকারি ও মৎস্যজীবী সমিতি (রোসোখোত্রিবোলভসয়ুজ) ভালুক শিকারের মৌসুম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। একই সঙ্গে বাদামি ভালুক শিকারের বার্ষিক কোটা বাতিল এবং শিকারের অনুমতিপত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করার সুপারিশ করেছে সংগঠনটি।

সংগঠনটির দাবি, রাশিয়ায় ভালুকের সংখ্যা বাড়ছে। পাশাপাশি মানুষের সঙ্গে ভালুকের বিপজ্জনক মুখোমুখি হওয়ার ঘটনাও বেড়েছে। এ কারণে শিকারের সুযোগ বাড়ানো প্রয়োজন।

বাস্তবেও পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৬ সালে রাশিয়ার বিভিন্ন শহর ও জনপদে ভালুকের আনাগোনা এবং প্রাণঘাতী হামলার ঘটনায় কর্তৃপক্ষকে বাসিন্দাদের চলাচলে বিধিনিষেধ আরোপ করতে হয়েছে। কোথাও কোথাও দর্শনার্থীদের জন্য বনাঞ্চল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সতর্কতামূলক উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। ভালুকের ভয়ে মানুষ যখন ঘর থেকে বের হতেও আতঙ্কিত, তখন প্রাণীটির জীবন রক্ষার যুক্তি তাদের কাছে খুব বেশি স্বস্তিদায়ক নয়।

তবে শীতনিদ্রায় থাকা ভালুক শিকারের অনুমতি দেওয়ার আগে কেন প্রাণীগুলো মানুষের বসতিতে চলে আসছে, তা খতিয়ে দেখা জরুরি। সমস্যার প্রকৃত সমাধান খুঁজতে হলে এর পেছনের কারণগুলো চিহ্নিত করতে হবে। আর এ ক্ষেত্রে শুধু ভালুককেই দায়ী করার সুযোগ নেই।

শীতের আগে শরীরে পর্যাপ্ত চর্বি জমাতে বাদামি ভালুক প্রচুর খাবার খায়। এ সময় তারা বেরি, বাদাম, বিভিন্ন উদ্ভিদ, পোকামাকড়, মাংস ও মাছ খেয়ে শীতকাল পার করার প্রস্তুতি নেয়। কিন্তু নিজেদের স্বাভাবিক আবাসস্থলে খাবারের সংকট দেখা দিলে তারা বিকল্প খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। অনেক সময় সেই খাবারের সন্ধানেই চলে আসে মানুষের বসতিতে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালে রাশিয়ায় মানুষ ও ভালুকের মধ্যে সংঘাতের কয়েকটি ঘটনার পেছনে প্রাকৃতিক খাদ্যসংকটের ভূমিকা ছিল। বছরের শুরুতে বসন্তকাল তুলনামূলক আগাম ও শুষ্ক হওয়ায় কিছু এলাকায় বেরি স্বাভাবিক সময়ের আগেই পেকে যায় এবং ঝরে পড়ে। ফলে শীত আসার আগে ভালুকের জন্য খাবারের পরিমাণ কমে যায়। সাইবেরিয়া থেকেও ভালুকের গুরুত্বপূর্ণ খাদ্য পাইন বাদামের সংকটের খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে লোকালয়ের আশপাশে ফেলে রাখা খাবারের বর্জ্যের গন্ধ ভালুককে সহজেই আকৃষ্ট করে। একবার কোনো স্থানে খাবার পেয়ে গেলে ভালুক সেই জায়গা মনে রাখতে পারে এবং বারবার সেখানে ফিরে আসে। এভাবে ধীরে ধীরে মানুষের উপস্থিতির সঙ্গেও অভ্যস্ত হয়ে পড়ে তারা।

এমনকি মা ভালুক কখনো কখনো তার শাবকদেরও এসব খাবারের উৎসের কাছে নিয়ে যায়। ফলে শাবকেরা ছোটবেলা থেকেই মানুষের বসতিকে খাবার পাওয়ার স্বাভাবিক জায়গা হিসেবে চিনতে শেখে।

মানুষের অসচেতনতাও এ সংঘাত বাড়িয়ে তুলছে। খোলা ময়লার ভাগাড়, উপচে পড়া আবর্জনার পাত্র, পর্যটনকেন্দ্রের আশপাশে ফেলে রাখা খাবারের উচ্ছিষ্ট এবং মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের বর্জ্য ভালুককে লোকালয়ের দিকে টেনে আনছে।

রাশিয়ার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ও স্বীকার করেছে, মানুষের বসতির কাছাকাছি সহজলভ্য খাবার মানব-ভালুক সংঘাতের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।

ফলে শুধু শিকারের অনুমতি বাড়িয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, খাবারের উচ্ছিষ্ট নিরাপদে সংরক্ষণ এবং ভালুকের স্বাভাবিক আবাসস্থলে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।