রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মাসে গ্রেপ্তার হওয়া জাপানি সাংবাদিক ইউকি ইমাই একসময় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের এক বাসিন্দাকে নিজের বাড়িতে আতিথ্য দিয়েছিলেন। রাশিয়ার প্রতি তাঁর গভীর আগ্রহের বিষয়টি বোঝাতে এমন নানা ঘটনার কথা তুলে ধরেছেন তাঁর সাবেক সহকর্মীরা।
৩৪ বছর বয়সী ইউকি ইমাই জাপানের হোক্কাইডো শিমবুন সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি মস্কোর লেফোরতোভো কারাগারে বিচার শুরুর অপেক্ষায় রয়েছেন। তাঁর গ্রেপ্তারের বিষয়ে কয়েক সপ্তাহ নীরবতা থাকার পর জাপানে তাঁর পরিচিতজন ও সাংবাদিকতা জীবনের সহকর্মীরা মুখ খুলতে শুরু করেছেন। এদিকে তাঁকে মুক্তি দিতে রাশিয়ার ওপর চাপ অব্যাহত রেখেছে জাপান সরকার।
রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস জানিয়েছে, ইংরেজি ভাষার সংবাদমাধ্যমগুলোর মধ্যে তারাই প্রথম দিকের সংবাদমাধ্যম, যারা ইমাইয়ের পরিচিতজন ও সাবেক সহকর্মীদের বক্তব্য প্রকাশ করেছে।
২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাপানের উত্তরাঞ্চলীয় শহর কুশিরোতে ইমাইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ওসামু কুরোদা। বৃহস্পতিবার ইমেইলে দ্য মস্কো টাইমসকে তিনি জানান, নগর প্রশাসন নিয়ে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকলেও আন্তর্জাতিক বিষয়াবলির প্রতি ইমাইয়ের গভীর আগ্রহ ছিল। জাপান-রাশিয়া সম্পর্ক নিয়ে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রতিবেদন তৈরি করতেন।
কুরোদা বলেন, ‘মূল ভূখণ্ডের রাশিয়া এবং উত্তরাঞ্চলীয় অঞ্চলগুলোর অনেক মানুষ নিশ্চয়ই মি. ইমাইকে মনে রেখেছেন।’
এ সময় তিনি জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা চারটি দ্বীপকে ‘নর্দার্ন টেরিটরিজ’ হিসেবে উল্লেখ করেন। দ্বীপগুলোর মালিকানা নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে।
ইমাইয়ের বাড়িতে এক রুশ অতিথিকে আতিথ্য দেওয়ার ঘটনাটিও স্মরণ করেন কুরোদা। তিনি জানান, গ্রেপ্তারের ঘটনায় ইমাইয়ের সাবেক অনেক সহকর্মী বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন।
কুরোদা বলেন, ‘আমাদের চাকরির সময়কাল এক না হলেও ইউকি ও আমি দুজনই হোক্কাইডো দ্বীপের আরেকটি শহর নেমুরোতে কাজ করেছি। সম্প্রতি আমাদের এক পরিচিত ব্যক্তি আমাকে বার্তা দিয়ে বলেছেন, তিনি এমন একজন সাংবাদিক ছিলেন, যিনি নিজের পেশাগত দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে জাপান ও রাশিয়ার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। ঠিক এ কারণেই তাঁর আটক হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
ইমাইয়ের আরেক পরিচিত ব্যক্তি কুরোদাকে বলেছেন, ‘ইউকিকে চেনেন এমন কোনো রুশ নাগরিক থাকলে তাঁরা বুঝতে পারবেন, তিনি কোনো গুপ্তচর নন।’
গত ১৩ অক্টোবর ইমাইকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালে ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাংবাদিক ইভান গেরশকোভিচ গ্রেপ্তার হওয়ার পর রাশিয়ায় কোনো বিদেশি সাংবাদিক আটকের ঘটনায় এটি সবচেয়ে আলোচিত ঘটনা।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইমাইয়ের আটকের বিষয়টি উত্থাপন করেন। জাপানের প্রধানমন্ত্রী তাঁর অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। তবে বন্দিবিনিময় চুক্তির বিষয়ে কোনো ঘোষণা আসেনি। দুই দেশ এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
গত ১৩ অক্টোবর রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ইউঝনো-সাখালিনস্কের একটি হোটেলে মুখোশধারী কয়েকজন ব্যক্তি ইমাইকে মাটিতে ফেলে আটক করেন। ঘটনার এক মাসের কিছু বেশি সময় পর গত সোমবার আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক স্কট গ্রিফেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন এবং অবিলম্বে মুক্তির দাবি জানান।
এ ঘটনার পর থেকে সাংবাদিকদের অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পশ্চিমা কর্মকর্তারা এবং জাপানি সাংবাদিকেরা ধারাবাহিকভাবে ইমাইয়ের মুক্তির পক্ষে বক্তব্য দিয়ে আসছেন।