নিজ দেশে নিরাপদে ফেরার স্বপ্ন দেখছেন কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়কে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন তারা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালত স্থানীয় সময় সকাল ১০টায় এ রায় ঘোষণা করবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় রায় ঘোষণার কথা রয়েছে।

দীর্ঘ সাত বছর ধরে চলা এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়। বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্তে মিয়ানমারে সংঘটিত নির্যাতন ও গণহত্যার স্বীকৃতি মিলবে এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।

2c6908c4-e802-485b-9fa2-95f915f5ad7b.png

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ ও বাড়িঘর ধ্বংসের অভিযোগ ওঠে। জাতিসংঘের অনুসন্ধানী দলও ওই অভিযানে গণহত্যার আলামত থাকার কথা উল্লেখ করে।

এসব ঘটনার পর ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় গাম্বিয়া। মামলায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনসহ (ওআইসি) বিভিন্ন পক্ষের সমর্থন ছিল। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশ দেন আইসিজে। এতে মিয়ানমারকে গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং গণহত্যার অভিযোগসংক্রান্ত প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী সময়ে মামলার শুনানি ও আইনি প্রক্রিয়া এগিয়ে নেয় আদালত। এ মামলায় ১১টি দেশও হস্তক্ষেপকারী হিসেবে যুক্ত হয়েছে।মিয়ানমার অবশ্য শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান। তবে গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ওই অভিযানে রোহিঙ্গাদের একটি জনগোষ্ঠী হিসেবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল।

আজকের রায়ে আদালতের ১৫ বিচারক নির্ধারণ করবেন, মিয়ানমারের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ কতটা প্রমাণিত হয়েছে এবং দেশটির সামরিক বাহিনী বা রাষ্ট্রীয় সংস্থাগুলোর কর্মকাণ্ড গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না।

রোহিঙ্গাদের জন্য এই রায় শুধু আইনি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন, বাস্তুচ্যুতি ও অধিকারহীনতার স্বীকৃতি পাওয়ার লড়াই। সংশ্লিষ্টদের মতে, গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, নাগরিকত্বের অধিকার এবং নিরাপদ প্রত্যাবাসনের দাবি জোরালো হতে পারে।

তবে আইসিজের রায় হলেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে, এমন নিশ্চয়তা নেই। কারণ রাখাইন রাজ্যে এখনো নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনেও রোহিঙ্গাদের বসতভিটা ও ভূমি নিয়ে নতুন উদ্বেগের কথা উঠে এসেছে।

আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা সীমিত। প্রয়োজনে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত হতে পারে। একই সঙ্গে মনে রাখতে হবে, আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করে; ব্যক্তির অপরাধের বিচার বা কারাদণ্ড দেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।সব মিলিয়ে আজকের রায় রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে বাস্তুচ্যুত জীবনের অবসান ঘটিয়ে নিজ দেশে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। এখন তাদের অপেক্ষা আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের।