রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বিজয় হবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। শুধু তাই নয়, যুদ্ধ শেষ হলে ইউক্রেনে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ‘ইনভিকটাস গেমস’ আয়োজনেও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দুই দিনের সফরে ইউক্রেনে গিয়ে যুদ্ধাহত সেনাদের সঙ্গে দেখা করেন প্রিন্স হ্যারি। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটি তার চতুর্থ ইউক্রেন সফর।
সফরে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান তিনি। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করা বিশেষায়িত প্রতিষ্ঠান সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসক সম্মেলনেও বক্তব্য দেন।
শনিবারের ওই সম্মেলনে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে হ্যারি বলেন, ‘আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।
’
তবে নিরাপত্তার স্বার্থে ইউক্রেন ছাড়ার পরই তার বক্তব্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।
সফরের অন্য একটি কর্মসূচিতে হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলনও দেখেন প্রিন্স হ্যারি। আগামী বছরের ইনভিকটাস গেমসকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন তারা। সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধাহত সাবেক সেনাদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা প্রিন্স হ্যারি। ২০১৪ সালে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি এর সূচনা করেন।
আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেনের ৬০ জন প্রতিযোগী অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় আহত ও সাবেক সেনাদের উদ্দেশে হ্যারি বলেন, যুদ্ধ শেষ হলে ইউক্রেনে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য তারা সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।’
উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন।
রাজপরিবারের কর্মরত সদস্য না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা অবস্থান নিয়েছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময়ও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।