চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার অভিযোগ উঠেছে আব্দুল হালিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, একসময় বেকার থাকা হালিম বর্তমানে চারটি ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছেন। 

তাঁর এই কর্মকাণ্ডে উপকূলীয় বেড়িবাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের আগে হালিম কুমিরার পাথরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং একজন সার্ভেয়ারের সহযোগী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি সাগরে চারটি ড্রেজার বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছেন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে উপকূলীয় বেড়িবাঁধের তলদেশ দুর্বল হয়ে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, জোয়ারের পানির স্রোতে আকিলপুর বেড়িবাঁধের প্রতিরক্ষা ব্লক ও বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের কারণে কুমিরা ও আলেকদিয়া এলাকার বেড়িবাঁধও ভাঙনের মুখে পড়েছে। এতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাঁদের। উপকূলীয় বেড়িবাঁধ রক্ষায় সরকার কোটি কোটি টাকা ব্যয়ে ব্লক নির্মাণ করলেও তা এখন জোয়ারের পানির স্রোতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে আব্দুল হালিমের বক্তব্য, ওই এলাকায় বসুন্ধরা গ্রুপের বাস্তবায়নাধীন একটি প্রকল্পের জন্য বালু উত্তোলনের আয়োজন চলছে। তাঁর দাবি, সেখানে বিএম এনার্জি, এমএন ট্রেডার্স, কনকসেশ এইড লিমিটেড ও ফোর এইচ ট্রেডার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ড্রেজার রয়েছে। বর্তমানে ২৬টি ড্রেজার ও ৩০০টি বাল্কহেডের মাধ্যমে বালু পরিবহনের কার্যক্রম চলছে বলেও তিনি জানান।

এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলনকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এর মাধ্যমে হালিম এলাকায় আধিপত্য বিস্তার করেছেন। তাঁর ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ অক্টোবর রাত ১০টার দিকে তারেক হোসেন বাপ্পী নিহত হন এবং শাওয়ান নামে একজন গুলিবিদ্ধ হন। এর আগে ২০২৫ সালের ৩১ জানুয়ারি সমুদ্রে ড্রেজারে কাজ করার সময় আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে তাঁরা জানান। একই বছরের ১৭ ফেব্রুয়ারি দিনদুপুরে পিটিয়ে একজনকে হত্যা করা হয় এবং তাঁর ছোট ভাই লিটন দাশকে অপহরণ করে মারধরের পর হাতিয়ার জঙ্গলে ফেলে আসা হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এসব ঘটনার প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সমুদ্র বা এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাদ্দাম নামে এক ব্যক্তির নাম উঠে আসে বলেও তাঁরা জানান। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হলেও কোনো সুফল পাওয়া যায়নি।

এদিকে, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত আব্দুল হালিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

দ্রুত অবৈধ ড্রেজারগুলো বন্ধ করে উপকূলীয় বেড়িবাঁধ রক্ষা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল ও ভুক্তভোগী এলাকাবাসী।