মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দেওয়ান নামে আরও একজন নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ি এলাকার আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও।
স্থানীয় সূত্র আরও জানায়, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এদিকে সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি। তবে নদীর মাঝপথে তিনি নিখোঁজ হন। তাঁর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে নদীতে অভিযান চালানো হচ্ছে।