চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল চলাকালে পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। পরে তাঁদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার পর শিবগঞ্জ পৌর এলাকার বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার রাতে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

 মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে পাশ থেকে দুই তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটককৃত দুই ছাত্রলীগ কর্মীরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের টুটুল হকের ছেলে শামীম (১৮) ও একই গ্রামের লিটন আলীর ছেলে রাব্বি (১৮)।

জেলা ছাত্রদলের নেতারা জানান, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাঁদের মিছিল চলাকালে পাশ থেকে দুই ছাত্রলীগ কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন ও সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।