নেত্রকোনার খালিয়াজুরিতে অগ্নিকাণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষ পুড়ে গেছে। এতে ইউএনও'র অফিস কক্ষ পুড়ে গেলেও পাশের কয়েকটি কক্ষ কিছু ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রশাসনের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে আহবায়ক করে সাত সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও ইউএনও অফিস সূত্রে জানা গেছে, বুধবার ভোরে খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ড হয়। বিষয়টির টের পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণ ইউএনও'র অফিস কক্ষ করে যায়।

এ সময় পাশে কয়েকটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে অগ্নিকাণ্ডে ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, বুধবার ভোররাতে কার্যালয়ে তাঁর অফিস কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পড়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভায়। তবে স্থানীয়দের প্রচেষ্টায় উপজেলা পরিষদ বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। উপজেলার অফিস কার্যক্রম স্বাভাবিক আছে।

তিনি আরও জানান, ভবনটি অনেক পুরনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসন সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।