বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস দেশের চাকরি বাজারে সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং স্বপ্নের একটি চাকরি। যাকে সোনার হরিণের সাথে তুলনা করলেও ভুল হবে না। প্রশাসন, পররাস্ট্র, পুলিশসহ মন্ত্রণালয়গুলোর সর্বোচ্চ পদে চাকরি করার ক্ষেত্রে বিসিএস ক্যাডার হওয়ার কোনো বিকল্প নাই।
বছরের পর বছর অধ্যাবসায় এবং একাগ্রতার ফল হলো একেকজন বিসিএস ক্যাডার। এছাড়াও বিসিএস ক্যাডার হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হলো ধৈর্য্য। কেননা এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ফলে বিসিএস ক্যাডার হতে দীর্ঘদিনের প্রতিক্ষা এবং ধৈর্য্য নিয়ে অধ্যাবসায় চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে মোট ২৬ টি ক্যাডার পদে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) নিয়োগ দিয়ে থাকে।
এই ২৬টি ক্যাডার পদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, জনপ্রিয় এবং চাহিদা মাফিক গুরুত্বপূর্ণ ক্যাডার পদ হলো পররাস্ট্র, প্রশাসন ও পুলিশ ইত্যাদি। যে সকল শিক্ষার্থী ভাইভা পর্যন্ত কোয়ালিফাই করেন তাদের প্রায় সিংহভাগ পছন্দের তালিকায় প্রথম তিনটি বিষয় হিসেবে উপরের তিনটিই উল্লেখ করে থাকেন।
চাকরিতে উচ্চ মর্যাদা, প্রটোকল, ক্ষমতা কিংবা সামাজিক স্ট্যাটাস এই ক্যাডার পদগুলোকে অন্য ক্যাডার থেকে ভিন্ন করে তুলেছে। যে সকল প্রার্থী দেশের ভিতরে নীতি নির্ধারণ পর্যায়ে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীতে সর্বোচ্চ পদে চাকুরী করতে আগ্রহী তারা প্রশাসন ও পুলিশ ক্যাডারে চয়েজ দিয়ে থাকেন। আবার যাদের এম্বেসিগুলোতে চাকুরী করার আগ্রহ আছে তারা পররাস্ট্র ক্যাডার প্রথম চয়েজ দিয়ে থাকেন।
তবে বর্তমানে উদ্বেগের বিষয় হলো এই পদগুলো এতোটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যে আমরা যাদের দেশের সর্বোচ্চ মেধারী হিসেবে স্বীকার করি, সেই ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা ব্যাপকভাবে এই পদগুলোর জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। গত কয়েকটি বিসিএস এর ফলাফল পর্যবেক্ষণ করে দেখা গেছে পররাস্ট্র, প্রসাশন এবং পুলিশ ক্যাডারে শীর্ষস্থানসহ বড় একটা অংশ নিয়োগ পেয়েছেন দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। প্রাপ্ত তথ্য মতে গত কয়েকটি বিসিএস এর চূড়ান্ত ফলাফলে সাধারণ ক্যাডারের প্রায় ৩০ ভাগ এই দুই বিষয় থেকে আগত।
দুইটি বিশেষায়িত বিষয় থেকেই মোট ক্যাডারের প্রায় ৩০ ভাগ ক্যাডার হওয়া ছোটখাটো কোন বিষয় নয়। অথচ এই দুইটি বিশেষায়িত বিষয়ের শিক্ষার্থীদের চাকুরির বাজারে এমনিতেই আছে আলাদা কদর। আছে আর্থিক এবং সামাজিক প্রতিপত্তি। নিজ নিজ পেশাতেই যেখানে তাদের এতো সুনাম কিংবা আর্থিক সহজলভ্যতা সেখানে তুলনামূলক কম বেতনে কেন তারা বিসিএস প্রশাসন-পুলিশ ক্যাডার হওয়ার জন্য ছুটছেন?
সর্বশেষ ৪৫ তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে পুলিশ ক্যাডারের প্রথম তিনজনই চিকিৎসক। অথচ চিকিৎসা পেশা সন্দেহাতীতভাবেই সেরা পেশার মধ্যে একটি। সৃষ্টিকর্তার পরে মানুষের জীবনকে সুস্থতার সহিত জীবন যাপনের মাধ্যম হলো এই চিকিৎসকবৃন্দ। একজন চিকিৎসকই পারেন প্রতিটি মানুষের সুস্থতা নিশ্চিত করতে। আবার একটি দেশের অবকাঠামোগত উন্নয়নের ভিত্তি গড়তে প্রকৌশলীদের কোনো বিকল্প নেই।
অন্যদিকে এই চিকিৎসক-প্রকৌশলীদের পেছনে সরকার তথা জনগনের অনেক বিনিয়োগ আছে।
কেননা বেশিরভাগ ই সরকারি মেডিকেল কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর এসকল শিক্ষা প্রতিষ্ঠান চলে সরাসরি জনগণের ট্যাক্সের অর্থায়নে। তথ্য মতে, একজন মেডিকেল শিক্ষার্থীর পেছনে বছরে সরকারের খরচ ৪ থেকে সারে ৪ লাখ টাকা। আবার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পেছনেও খরচ বছরে তিন থেকে সারে তিন লাখ টাকা। ফলে জনগনের প্রত্যাশা থাকবেই তারা একজন ভালো চিকিৎসক পাবেন, একজন ভালো প্রকৌশলী পাবেন। কিন্তু বিসিএস এর মার্কেট ভ্যালুর কারণে দেশ ভালো চিকিৎসক কিংবা প্রকৌশলী হারাচ্ছেন প্রতিনিয়ত।
এর পেছনে অবশ্য কিছু কারণও আছে যার মধ্যে অন্যতম কারণ হলো পতিত আওয়ামীলীগ সরকারের আমলে পুলিশ-প্রশাসন কর্তা ব্যাক্তিদের অসীম ক্ষমতা। অর্থাৎ সরকারে টিকে থাকার জন্য প্রশাসন ও পুলিশ ক্যাডারদের দেয়া হয় বিশাল সুযোগ-সুবিধা এবং ক্ষমতা।
এতে করে তারা যে সরকারি চাকুরিজীবি হিসেবে নাগরিকদের সেবক এটা প্রায় ভুলতে বসেছিল। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্দ্ধতনরাও হয়ে থাকেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ। ফলে চিকিৎসকদের ওপর ছরি ঘোরানোর সুযোগ থাকতো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের হাতে। এছাড়া স্বাস্থ্য ক্যাডারে পদোন্নতি জনিত জটিলতা তো আছেই ।
ফলে চিকিৎসা কিংবা প্রকৌশলী পেশার যে জনপ্রিয়তা ছিল তাতে কিছুটা ভাটা পড়ছে। এতে করে দেশ হারাতে বসেছে মেধাবী চিকিৎসক-প্রকৌশলীদের। যা ভবিষ্যৎ চিকিৎসা-প্রকৌশলী পেশার জন্য হুমকি স্বরূপ।
এমতাবস্থায় এখনই সময় চিকিৎসক-প্রকৌশলীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পদন্নোতিজনিত জটিলতা নিরসনসহ যুযোপযোগী পদক্ষেপ গ্রহণ করা। এতে করে নতুন প্রজন্ম এ সকল পেশাকে আনন্দে গ্রহণ করবে।
লেখক : মো: রায়হান হোসাইন, শিক্ষক, লেখক ও কলামিস্ট
(প্রভাষক)
সরকারি শারীরিক শিক্ষা কলেজ, বরিশাল।