বর্তমান সময়ে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বিষয় হলো শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান। উন্নত বিশ্বের প্রায় সকল দেশেই এই বিষয়টি নিয়ে আছে উচ্চতর শিক্ষা। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডির মতো ডিগ্রি দেয়া হয় নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে।
এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়েও আছে বিষয় হিসেবে কদর। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে শারীরিক শিক্ষা সম্পর্কে আছে বড় ধরনের ভ্রান্ত ধারণা। অর্থাৎ আমাদের সমাজে শারীরিক শিক্ষাকে শুধুমাত্র খেলাধুলা কিংবা শরীরচর্চা হিসেবে মনে করা হয়। ফলে শারীরিক শিক্ষা যে একটা স্বতন্ত্র পাঠ্য বিষয় তা আমরা অনেকেই জানিনা।
অথচ এমন কোন মানুষ নেই যে খেলাধুলাকে বিনোদনের মাধ্যম হিসেবে পছন্দ করে না। আবার বর্তমান বিশ্বে আন্তর্জাতিক খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম ই নয় বরং আছে পেশাগত বৃহৎ সেক্টর। আছে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক। আর এসকল বিষয়ের সাথে প্রত্যক্ষভাবে জরিয়ে আছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান।
একদিকে যেমন শারীরিক, মানসিক সুস্থতার বিষয়টি আছে ঠিক তেমনিভাবে একই বিষয় থেকে আছে পেশাগত উন্নতির হাতছানি। সেই থেকেই বর্তমানে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান পরিণত হয়েছে বৃহৎ সেক্টরে। এছাড়া আমাদের স্কুল স্তরে বর্তমানে খেলাধুলার মান বৃদ্ধি পেয়েছে। ফলে খেলাধুলার পাশাপাশি খেলাধুলাকেই পেশা হিসেবে একটি গুরুত্বপূর্ণ সেক্টরে পরিণত করতে চাইলে উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ে বিষয়টিকে “সাবজেক্ট” হিসেবে অন্তর্ভূক্ত করার কোন বিকল্প নেই।
কেননা বাংলাদেশেও বর্তমানে চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স চলছে স্বগৌরবে। শুধু তাই নয় ২০২৫-২০২৬ সেশনে অনার্স-মাস্টার্সের পাশাপাশি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অফার করা হয়েছে। সুতরাং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়টি যে বর্তমানে একটি রাইজিং বিষয় তা আর বুঝতে বাকি থাকে না। শারীরিক শিক্ষা ব্যাক্তির সার্বিক বিকাশ ঘটাতে সহায়তা করে।
শারীরিক, মানসিক, সামাজিক কিংবা বৌদ্ধিক সকল বিষয়ে প্রতিটির ব্যক্তির যেন সার্বিক বিকাশ ঘটে সে অধ্যায়ন ই করে শারীরিক শিক্ষা। আর ক্রীড়া বিজ্ঞান খেলাধুলার ক্ষেত্রে উচ্চতর গবেষণার মাধ্যমে খেলাধুলার ইতিবাচক দিকগুলো খেলোয়াড়দের মধ্যে ফুটিয়ে তোলে। খেলাধুলা এবং খেলোয়াড়দের মান উন্নয়নে ক্রীড়া বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে দেশে ক্রীড়া বিজ্ঞানী এবং ভিন্ন ভিন্ন নতুন সেক্টরের দ্বার উন্মোচন হবে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মক্ষেত্রে।
কলেজ পর্যায়ে বিষয়টিকে অন্তর্ভূক্ত করা হলে যে সকল শিক্ষার্থী স্কলে পড়া অবস্থায় খেলাধুলায় ভালো করেছে কিংবা খেলাধুলায় নিবেদিত ছিল তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়টি নিতে পছন্দ করবেন। পাশাপাশি উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক বিষয়ের মতই কোটা লাভ করবে। ফলে প্রকৃত ক্রীড়াবিদরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে বড় অবদান রাখতে পারবে। এতে করে দেশ এগিয়ে যাবে। দেশের ক্রীড়াঙ্গন হবে সমৃদ্ধ।
মো: রায়হান হোসাইন, শিক্ষক, লেখক ও কলামিস্ট
প্রভাষক
সরকারি শারীরিক শিক্ষা কলেজ, বরিশাল।
মেইল:ঢ়ধাবষ.ৎঁ৯৩@মসধরষ.পড়স