স্বাধীনতা উত্তর বাংলাদেশের সর্ব উত্তরের জনপদের শান্ত নিবিড় একটি গ্রামে কৃষি নির্ভর সবচ্ছল একটি মুসলিম পরিবারে আমার শৈশবের পথচলা। প্রাথমিক বিদ্যালয়ের শেষ দিকে গ্রামীণ মেঠো পথে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে দল বেঁধে স্কুলে যাতায়াত। খুব বেশী কিছু বোঝার বয়স তখনও আমার হয়নি । তবে অনুভূতিতে এটুকু বিরাজমান যে, চারদিকে একটা অস্বস্তি, শঙ্কা, আতঙ্ক।
সন্ধ্যের পর গ্রামের অন্যান্য মুরুব্বি গোছের জনা পাঁচ সাতেক মানুষ প্রায়ই আসেন আমাদের বাড়ির বৈঠক খানায়। কি আলোচনা করেন সেভাবে বুঝতাম না । তবে কেমন যেন একটা উদ্বেগ উৎকণ্ঠা সবার চোখে-মূখে। বাবা বাড়ি থেকে কাজকর্মে শহরে গেলে অন্যান্য সামগ্রীর সঙ্গে হাতে একটি খবরের কাগজ নিয়েই ফেরেন।
সেই কাগজে কৌতূহলী মন নিয়ে আমার চোখ বোলানো ।
এমন একটা সময়ে মধ্যে ১৯৭৫ সালের শেষ দিকে হঠাৎ একটি বেশ আগ্রহ উচ্ছ্বাস নিয়েই পাড়ার ওই মুরুব্বিদের আলোচনা । পরদিন দ্বিপ্রহরের দিকে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় বাবা শহর থেকে ফিরলেন খবরের কাগজ হাতে নিয়ে।
ওই কাগজের প্রথম পাতায় গায়ে সেনা পোশাক পরিহিত এক ব্যক্তিকে নিয়ে সিপাহী জনতার উচ্ছ্বাসের ছবি। সেদিন থেকেই ছবির ওই ব্যক্তির প্রতি আমার আগ্রহের কমতি ছিল না। সেই ছবি্ আমার মানস পটে গেঁথে আছে, যা আজও অমলিন। পরবর্তী সময়ে বয়স ও জ্ঞানের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে জানতে পেরেছি সেই দিনের ঘটনাপ্রবাহ, তার ঐতিহাসিক পটভূমি এবং বাংলাদেশের রাজনীতিতে তার সুদূরপ্রসারী প্রভাব।
১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল অধ্যায়। নানা রাজনৈতিক টানাপোড়েন, অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাওয়া রাষ্ট্রের ইতিহাসে সেদিন সংঘটিত সিপাহী-জনতার অভ্যুত্থান নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে।
এদিন সেনাবাহিনীর তৎকালীন বন্দিদশা থেকে মুক্ত হয়ে জাতির পথ প্রদর্শক হিসেবে আবির্ভূত হন তিনি আর কেউ নন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় জাতির পথ প্রদর্শক হিসেবে আবির্ভূত হন। বাংলাদেশের রাজনৈতিক গতিপথে সুদূরপ্রসারী প্রভাব বিস্তারকারী এই দিনটি পরবর্তী সময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও সংকটের অন্ধকার সময়ে তাঁর নেতৃত্ব জাতিকে নতুন করে আশার আলো দেখিয়েছিল। তাঁর হাত ধরেই দেশ এগিয়ে যাওয়ার নতুন স্বপ্ন ও সম্ভাবনার সন্ধান পেয়েছিল। এই দিবসের মূল তাৎপর্য হচ্ছে জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা এবং দেশ ও জনগণের স্বার্থে সম্মিলিত দায়িত্ববোধের চেতনা। ঐতিহাসিক এই দিনের ঘটনাপ্রবাহ আমাদের স্মরণ করিয়ে দেয়, জাতীয় জীবনের সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় জনগণের ঐক্য ও সম্মিলিত ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখসারির যোদ্ধা ও সেক্টর কমান্ডার। স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হন। তাঁর নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জাতীয় উৎপাদন ও উন্নয়নকে গুরুত্ব দেওয়ার বিষয়গুলো দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। আমাদের মনে রাখতে হবে, একটি স্বাধীন রাষ্ট্রের অগ্রযাত্রার জন্য শুধু রাজনৈতিক পরিবর্তনই যথেষ্ট নয়; প্রয়োজন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা। মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিভেদ ও প্রতিহিংসা পরিহার করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। বর্তমান সময়ে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি ও শিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সাধনে সরকারের গৃহীত উদ্যোগগুলো সফল করতে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মানস কন্যা সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক ।
একই সঙ্গে বিগত প্রায় দেড় দশকের ফ্যাসিস্ট শাসনামলে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও শক্তিশালী করা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য। কারণ, গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত রয়েছে জনগণের অধিকার, স্বাধীন মতপ্রকাশ, সুশাসন এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণের মধ্যে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে আমার মনে হয়, দেশের নদ-নদী, খাল-বিল, জলাশয় ও পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি ও জনজীবনে পানির নিরাপদ ব্যবহার নিশ্চিত করাও জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের মানুষের উন্নয়ন, কৃষি ও যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও আমাদের বিশেষ মনোযোগ রয়েছে।
৭ নভেম্বরের চেতনা ধারণ করে আমাদের প্রত্যাশা —জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় ঐক্যের আহ্বান থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই তাৎপর্যপূর্ণ মুহূর্তে শৈশবে দেখা সংবাদপত্রের পাতার সেই অমলিন ছবিটি বারবার আমার স্মৃতিতে ভেসে উঠছে। সময়ের পরিক্রমায় সেই ছবির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস ও চেতনা আমার রাজনৈতিক পথচলায় গভীর প্রভাব ফেলেছে। জনগণের কল্যাণে কাজ করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার ক্ষেত্রে সেই স্মৃতি আজও আমার জন্য এক অনন্য প্রেরণা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমি দেশবাসী, পঞ্চগড় জেলার সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সম্মিলিত অঙ্গীকার করি।
লেখক : ফরহাদ হোসেন আজাদ , প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিএনপি