স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে সংঘর্ষের পর তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনায় এফসি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। একই সঙ্গে দুই দলের পরিত্যক্ত ম্যাচটি আর মাঠে গড়াবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর দুই দলের ম্যাচের শেষ দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন ২৫ বছর বয়সী ওওনো ও তেনেরিফের ফরোয়ার্ড দে মিগেল। ওই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ওওনোকে।


পরদিন ৩০ বছর বয়সী দে মিগেলের মৃত্যু হয়। ঘটনার বিষয়ে রেফারির প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের ভিত্তিতেই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শৃঙ্খলা কমিটি।

প্রতিবেদনে বলা হয়, ‘খেলা চলাকালে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে সহিংসভাবে আঘাত করার কারণে ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল।’ শৃঙ্খলা কমিটি আরও জানায়, ‘হেসুস দে মিগেল আলামেদার মৃত্যুর মধ্য দিয়ে ঘটনার যে মর্মান্তিক পরিণতি হয়েছে, তা সবারই জানা।

প্রতিবেদনে বর্ণিত আচরণের ধরন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা যুক্তিসংগত।’ এদিকে ঘটনার সময় ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিট চলছিল। দুই দল ২-২ গোলে সমতায় থাকতেই ম্যাচটি পরিত্যক্ত হয়। ফেডারেশন জানিয়েছে, ম্যাচটি আর পুনরায় আয়োজন করা হবে না। বরং ওই সময়ের ফলাফলই চূড়ান্ত হিসেবে বহাল থাকবে।

ফেডারেশনের একটি কমিটির মতে, ‘ঘটনার অসাধারণ ও মর্মান্তিক পরিস্থিতি বিবেচনায় ম্যাচের ফল ২-২ রাখা এবং পুনরায় না খেলাই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।’

ঘটনার পর ৪ নভেম্বর ওওনোর পক্ষ থেকে বিবৃতি দিয়েছিল তার ক্লাব এফসি আন্দোরা। সেখানে গোলরক্ষক জানিয়েছিলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। দে মিগেলের মৃত্যুতে গভীর বেদনা অনুভব করছেন বলেও জানান এই ইকুয়েটোরিয়াল গিনির ফুটবলার।

বৃহস্পতিবার এফসি আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, এই ঘটনার পর আবার ফুটবলে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ওওনো। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

মানসো বলেন, ‘সে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। আমাদের কাজ হলো সব ধরনের সহযোগিতা করা এবং তার পাশে থাকা। আমরা তাকে নিজের মতো সময় দেব, যাতে সে পুরোপুরি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। সে আবার ফিরতে চায় কি না, ফিরলে কখন ফিরবে, কিংবা একেবারেই ফিরবে না কি না, সেই সিদ্ধান্ত তার। যখন সে নিজেকে প্রস্তুত মনে করবে, তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’