‘ভাস্তে’ খ্যাত জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী ধ্বনি ভানুশালির বাগদান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক যশ ভানুশালির সঙ্গে বাগদান সেরেছেন গায়িকা।শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোমান্টিক কিছু ছবি পোস্ট করে ভক্তদের নিজেই সুখবরটি জানান।

প্রেমিক যশকে জড়িয়ে ধরে নিজের বাগদানের আংটি প্রদর্শন করছেন ধ্বনি। ছবি: সংগৃহীত
পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, সূর্যাস্তের মনোরম পরিবেশে যশকে জড়িয়ে ধরে নিজের বাগদানের আংটি প্রদর্শন করছেন ধ্বনি।

আমি আমার জীবনের কাপকেক খুঁজে পেয়েছি। আমি তাকে ‘হ্যাঁ’ বলেছি।

প্রিয় গায়িকা পোস্টটি করার পরপরই বলিউড, সংগীতাঙ্গনের সহকর্মী এবং অসংখ্য ভক্ত এ জুটিকে অভিনন্দন জানিয়েছেন।

ধ্বনির হবু বর যশ একজন উদ্যোক্তা ও সৃজনশীল জগতের পরিচিত মুখ। ‘ওরাংওটাং’ নামে একটি ই-স্পোর্টস ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। পাশাপাশি একজন আলোকচিত্রী হিসেবেও কাজ করেন।

২০১৭ সালে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমার ‘হামসফর’ গানটির অ্যাকোস্টিক সংস্করণের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন ধ্বনি। ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউ ইর্য়ক’ সিনেমায় ‘ইশতেহার’ গানটি গেয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। গায়িকার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ইশারে তেরে’,  ‘দিলবার’ , ‘লেজা রে’, ‘ভাস্তে’, ‘নয়ন’, ‘সাইকো সাইয়া’, ইত্যাদি।