লিওনেল মেসি পরবর্তী যুগের প্রথম ম্যাচেই হার দেখল আর্জেন্টিনা। গত মাসে এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন এই কিংবদন্তি। নভেম্বরের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।শনিবার (১৪ নভেম্বর) ঘরের মাঠ লা বোম্বোনেরায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আধিপত্য দেখালেও হার এড়াতে পারেনি আলবিসেলেস্তেরা। ৪৮ মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোল ও ৫৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে জয় নিশ্চিত হয় উরুগুয়ের। ৭৩ মিনিটে আর্জেন্টিনার পক্ষে একটি গোল শোধ করেন হুলিয়ান আলভারেজ। কিন্তু শত চেষ্টায়ও আর সমতাসূচক গোল আদায় করতে পারেনি আলবিসেলেস্তেরা।
এদিন ম্যাচের প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগগুলো তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে লিওনার্দো বালের্দির এক অদ্ভুত ক্লিয়ারেন্স থেকে আত্মঘাতী গোল পায় উরুগুয়ে। এর কয়েক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সফরকারী দলের ম্যাক্সি আরাউহো। এরপর হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসির জাতীয় দল ছাড়ার পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। একই সঙ্গে চলতি বছরের শেষ হওয়ার আগে এটি দলটির দ্বিতীয় শেষ ম্যাচ। আগামী বুধবার (১৮ নভেম্বর) কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এটি ছিল দুই প্রতিবেশী আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার ঐতিহাসিক রিও দে লা প্লাতা ডার্বির ১৯৮তম ম্যাচ। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এখনো এগিয়ে আর্জেন্টিনা। দুই দলের লড়াইয়ে আর্জেন্টিনার জয় ৯২টি, উরুগুয়ের জয় ৫৯টি এবং ড্র হয়েছে ৪৬টি ম্যাচ।