বাংলাদেশে ডেঙ্গু এখন আর কোনো সাময়িক বা মৌসুমি জনস্বাস্থ্য সমস্যা নয়; এটি ক্রমেই একটি দীর্ঘস্থায়ী জাতীয় সংকটে রূপ নিচ্ছে। প্রায় ২৭ বছর ধরে ডেঙ্গু বাংলাদেশের জনস্বাস্থ্য পরিস্থিতিকে প্রভাবিত করে চলেছে। প্রতিবছর বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে রোগটির প্রকোপ বাড়ে, হাসপাতালগুলোয় রোগীর চাপ সৃষ্টি হয়, অসংখ্য পরিবার প্রিয়জন হারায়।
এরপর কিছুদিন পরিস্থিতি তুলনামূলক শান্ত হলে আমরা যেন আবার সবকিছু ভুলে যাই। পরবর্তী মৌসুমে একই চিত্র ফিরে আসে। প্রশ্ন হচ্ছে, এত বছর পরও আমরা কি ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে পারিনি? নাকি প্রতিবছর একই ধরনের কার্যক্রম চালিয়ে ব্যর্থতার চক্রকেই দীর্ঘায়িত করছি?
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন এবং প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। সবচেয়ে উদ্বেগের বিষয়, ডেঙ্গুর সংক্রমণ মৌসুম এখনো শেষ হয়নি।
আমাদের গবেষণালব্ধ পর্যবেক্ষণ বলছে, নভেম্বর জুড়েও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির নিশ্চয়তা নেই। নভেম্বর ও ডিসেম্বর মাসে সংক্রমণ কিছুটা কমতে পারে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় তা কতটা কমবে, সে বিষয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ নেই। ফলে বছরের শেষ পর্যন্ত নতুন সংক্রমণ এবং মৃত্যুঝুঁকি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। অর্থাৎ, ক্যালেন্ডারের বছর শেষ হলেই ডেঙ্গুর ঝুঁকি শেষ হয়ে যাবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়।
কয়েক বছরের পরিসংখ্যান আমাদের ব্যর্থতার গভীরতা বুঝতে সাহায্য করে। ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়, মৃত্যু হয় ৫৭৫ জনের।
২০২৫ সালেও এক লাখের বেশি মানুষ আক্রান্ত হন এবং প্রাণ হারান ৪১৩ জন। ২০২৬ সালের অক্টোবর শেষ হওয়ার আগেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। এই ধারাবাহিকতা স্পষ্ট করে যে ডেঙ্গু আর বিচ্ছিন্ন কোনো প্রাদুর্ভাব নয়; এটি বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা, নগর ব্যবস্থাপনা, পরিবেশ ও অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে।
ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একসময় ডেঙ্গুকে প্রধানত ঢাকা ও কয়েকটি বড় শহরের সমস্যা হিসেবে বিবেচনা করা হতো। এখন দেশের বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি গ্রামাঞ্চলেও এর সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ফলে ডেঙ্গু মোকাবিলার পরিকল্পনা শুধু ঢাকা শহরকেন্দ্রিক হলে চলবে না। জেলা ও উপজেলা পর্যায়ে রোগ নজরদারি, বাহক মশার বিস্তার পর্যবেক্ষণ এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা গড়ে তুলতে হবে। অন্যথায় শহরের বাইরে সংক্রমণ বাড়তে থাকলেও তা শনাক্ত ও মোকাবিলায় আমরা পিছিয়ে পড়ব।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে। মশক নিধন অভিযান, ক্রাশ প্রোগ্রাম, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক প্রচারণা এবং কীটনাশক ছিটানোর মতো কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু এসব উদ্যোগের পরও ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু কমেনি। এর অর্থ এই নয় যে এসব কার্যক্রমের কোনো প্রয়োজন নেই; বরং প্রশ্ন হচ্ছে, এগুলো কতটা বৈজ্ঞানিক, লক্ষ্যভিত্তিক, সমন্বিত এবং ফলাফল নির্ভর?
অনেক ক্ষেত্রে কর্মসূচির সাফল্য নির্ধারণ করা হয় কতবার ওষুধ ছিটানো হয়েছে, কতটি এলাকায় অভিযান পরিচালিত হয়েছে কিংবা কতটি প্রচারণা চালানো হয়েছে, এসব পরিমাপ দিয়ে। অথচ প্রকৃত সাফল্য নির্ধারণ করতে হবে মশার ঘনত্ব কতটা কমেছে, সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা কতটা নিয়ন্ত্রণে এসেছে এবং রোগ ও মৃত্যু কতটা হ্রাস পেয়েছে, তার ভিত্তিতে।
ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হওয়া উচিত এর বাহক এডিস মশার প্রজনন ও বিস্তার নিয়ন্ত্রণ। এডিস মশা সাধারণত মানুষের বসতবাড়ি ও আশপাশের পরিবেশে জমে থাকা পানিতে বংশবিস্তার করে। ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, প্লাস্টিকের সামগ্রী, টায়ার, পানির ট্যাংক এবং নির্মাণাধীন ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি এ মশার প্রজননক্ষেত্র হতে পারে।
অনেক ক্ষেত্রে কর্মসূচির সাফল্য নির্ধারণ করা হয় কতবার ওষুধ ছিটানো হয়েছে, কতটি এলাকায় অভিযান পরিচালিত হয়েছে কিংবা কতটি প্রচারণা চালানো হয়েছে, এসব পরিমাপ দিয়ে। অথচ প্রকৃত সাফল্য নির্ধারণ করতে হবে মশার ঘনত্ব কতটা কমেছে, সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা কতটা নিয়ন্ত্রণে এসেছে এবং রোগ ও মৃত্যু কতটা হ্রাস পেয়েছে, তার ভিত্তিতে।
তাই শুধু ড্রেন, ডোবা, নর্দমা বা রাস্তায় কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, লার্ভা নিয়ন্ত্রণ, প্রাপ্তবয়স্ক মশা দমন, নিয়মিত মশার ঘনত্ব পরিমাপ এবং কীটনাশকের কার্যকারিতা যাচাই, সবকিছুকে সমন্বিতভাবে পরিচালনা করতে হবে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব এলাকায় একই পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের চেষ্টা কার্যকর হবে না। কোনো এলাকায় এডিস মশার ঘনত্ব বেশি, কোথাও প্রজননস্থলের ধরন ভিন্ন, আবার কোথাও ব্যবহৃত কীটনাশকের বিরুদ্ধে মশার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তাই নিয়ন্ত্রণ কর্মসূচি হতে হবে প্রমাণভিত্তিক, এলাকাভিত্তিক এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ভর।
কোথায় কোন প্রজাতির মশা বেশি, কোথায় কী ধরনের প্রজননস্থল রয়েছে, কোন কীটনাশক কার্যকর এবং কোন পদ্ধতিতে সর্বোচ্চ ফল পাওয়া সম্ভব, এসব তথ্যের ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নিয়মিত ইনসেক্টিসাইড রেজিস্ট্যান্স মনিটরিং ছাড়া বছরের পর বছর একই কীটনাশক ব্যবহার করাও যুক্তিসংগত নয়।
বিশ্বের বিভিন্ন দেশ ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাদের অভিজ্ঞতা থেকে আমাদের শেখার আছে। তবে অন্য দেশের কর্মসূচি হুবহু বাংলাদেশে প্রয়োগ করলেই সফলতা আসবে না। বাংলাদেশের নগর কাঠামো, জনঘনত্ব, অপরিকল্পিত আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহের ধরন এবং প্রশাসনিক বাস্তবতা অনেক দেশের তুলনায় ভিন্ন।
তাই আন্তর্জাতিক অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশের পরিবেশ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ কৌশল তৈরি করতে হবে। একই সঙ্গে গবেষণা, প্রযুক্তি, স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ এবং জনগণের অংশগ্রহণের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা জরুরি।
এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি শক্তিশালী জাতীয় অভিভাবক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। কিন্তু একটি দীর্ঘমেয়াদি, সমন্বিত ও জবাবদিহিমূলক জাতীয় কর্মসূচির জন্য প্রয়োজন নির্দিষ্ট কর্তৃত্ব ও দায়িত্ব সম্পন্ন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা উচিত একজন অভিজ্ঞ কীটতত্ত্ববিদ-যার, মশার জীববিজ্ঞান, বাস্তুতত্ত্ব, কীটনাশক প্রতিরোধ ক্ষমতা এবং বাহক নিয়ন্ত্রণ বিষয়ে গভীর জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা রয়েছে। কারণ ডেঙ্গু নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে রয়েছে মশার জীবনচক্র ও পরিবেশগত আচরণ।
শুধু গতানুগতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রশাসনিক নির্দেশনা দিয়ে এই জটিল সমস্যা সমাধান করা সম্ভব নয়। প্রস্তাবিত জাতীয় প্রতিষ্ঠানটির কাজ শুধু অভিযান পরিচালনা বা নির্দেশনা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। এর অধীনে জাতীয় পর্যায়ে মশা ও রোগের নজরদারি ব্যবস্থা, নিয়মিত কীটনাশক প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা, ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তকরণ, গবেষণা ও উদ্ভাবন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা এবং কর্মসূচির ফলাফল মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি জাতীয় বৈজ্ঞানিক ও কারিগরি কেন্দ্র হিসেবে কাজ করতে পারে।
এ ক্ষেত্রে জনগণের অংশগ্রহণও অপরিহার্য। কারণ এডিস মশার প্রজননস্থলের বড় একটি অংশ মানুষের বসতবাড়ি ও ব্যক্তিগত স্থাপনার ভেতরে বা আশপাশে তৈরি হয়। শুধু সরকারি কর্মসূচির মাধ্যমে এসব স্থান নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরীক্ষা করতে হবে।
শুধু ড্রেন, ডোবা, নর্দমা বা রাস্তায় কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, লার্ভা নিয়ন্ত্রণ, প্রাপ্তবয়স্ক মশা দমন, নিয়মিত মশার ঘনত্ব পরিমাপ এবং কীটনাশকের কার্যকারিতা যাচাই, সবকিছুকে সমন্বিতভাবে পরিচালনা করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, নির্মাণাধীন ভবন এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে যুক্ত করে স্থানীয় পর্যায়ে ধারাবাহিক উদ্যোগ গড়ে তুলতে হবে। তবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে, শুধু সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করলেই সেই দায়িত্ব শেষ হয় না।
আমরা হয়তো ২০২৬ সাল শেষ করতে পারব, কিন্তু ডেঙ্গু সংকট শেষ হবে না। আগামী বছরগুলোতে পরিস্থিতি আরও জটিল হওয়ার ঝুঁকি রয়েছে। জলবায়ু পরিবর্তন, নগরায়ণ, জনসংখ্যার ঘনত্ব এবং পরিবেশগত পরিবর্তন মশার বিস্তার ও সংক্রমণের অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। তাই প্রতিবছর ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর তড়িঘড়ি অভিযান চালানোর পরিবর্তে সারা বছর ধরে পরিচালিত একটি জাতীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। বর্ষা শুরুর আগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত, প্রজননস্থল নিয়ন্ত্রণ, মশার ঘনত্ব পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের আর লোকদেখানো কর্মসূচি, বিচ্ছিন্ন অভিযান কিংবা মৌসুমি তৎপরতার ওপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন বিজ্ঞানভিত্তিক, প্রমাণ নির্ভর, এলাকাভিত্তিক এবং জবাবদিহিমূলক ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি। প্রয়োজন দক্ষ জনবল, গবেষণা, আধুনিক প্রযুক্তি, কার্যকর সমন্বয় এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার। সবচেয়ে বড় কথা, ডেঙ্গু নিয়ন্ত্রণকে প্রতিবছরের জরুরি অভিযান হিসেবে নয়, বরং একটি স্থায়ী জাতীয় জনস্বাস্থ্য কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
প্রায় তিন দশক ধরে ডেঙ্গুর সঙ্গে লড়াই করেও যদি আমরা প্রতিবছর একই সংকটের মুখোমুখি হই, তবে প্রচলিত নিয়ন্ত্রণ কৌশলের কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। এখন আর বিচ্ছিন্ন উদ্যোগ বা সাময়িক অভিযান দিয়ে এই সংকট মোকাবিলার সুযোগ নেই।
অতীতের অভিজ্ঞতা ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পথে। সিদ্ধান্ত নিতে হবে—প্রতিবছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা গণনা করেই কি আমরা দায়িত্ব শেষ করব, নাকি এই মৃত্যুর মিছিল থামাতে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলব।
অধ্যাপক ড. কবিরুল বাশার : কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়