রাজশাহীর মোহনপুরে জমি দখলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশের সহযোগিতায় ৫ দশমিক ৫ শতক জমির দখল ফিরে পেয়েছেন ভুক্তভোগী এক ব্যক্তি। আদালতের আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জমির দখল পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভুক্তভোগিকে জমি বুঝিয়ে দেন প্রশাসন।
আদালত সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে দুলাল হোসেন প্রতিপক্ষ গোলাম রসুল গংয়ের বিরুদ্ধে জমি থেকে অবৈধভাবে উচ্ছেদ ও দখলচ্যুত করার অভিযোগ এনে দখল পুনরুদ্ধারের আবেদন করেন। এ বিষয়ে দায়ের করা মামলাটি ০২ পি/২৬ নম্বরে নথিভুক্ত হয়।
মামলাটিতে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে আদালত দেখতে পান, ৪৫২৫/২৫ নম্বর দলিলমূলে আবেদনকারী আরএস ৫৮৬৪ দাগের ১১ শতক জমির মধ্য থেকে ৫ দশমিক ৫ শতক জমির মালিকানা লাভ করেছেন। নথিপত্রে আবেদনকারীর জমির স্বত্বের প্রমাণ পাওয়া গেলেও প্রতিপক্ষ জমির দখলের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করতে পারেননি।
এর পরিপ্রেক্ষিতে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার আবেদনকারীর পক্ষে জমির দখল পুনরুদ্ধারের আদেশ দেন। আদেশে প্রতিপক্ষকে ১৫ দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে এবং জমিতে কোনো স্থাপনা থাকলে তা নিজ দায়িত্বে অপসারণ করে আবেদনকারীর কাছে দখল হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।
আদেশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দখল হস্তান্তর না করলে আইনানুগভাবে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আবেদনকারীকে জমির দখলে পুনর্বহাল করা হবে। প্রয়োজনে স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ বা ক্রোকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জমির তফসিল অনুযায়ী, রাজশাহীর মোহনপুর থানার সইপাড়া মৌজার জে.এল. নম্বর ৯৭, আরএস খতিয়ান নম্বর ৬০৮ এবং আরএস ৫৮৬৪ দাগের মোট ১১ শতক জমির মধ্য থেকে ৫ দশমিক ৫ শতক জমি এ আদেশের অন্তর্ভুক্ত।
এ বিষয়ে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, “ম্যাজিস্ট্রেটের আদেশে ভুক্তভোগীকে জমি ফিরে পেতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল। মোহনপুর থানা পুলিশ সেই নির্দেশনা অনুযায়ী সহযোগিতা করেছে।”
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার বলেন, “উভয় পক্ষের বক্তব্য ও জমির কাগজপত্র যাচাই-বাছাই করে যার পক্ষে সঠিক কাগজপত্র পাওয়া গেছে, তাঁর পক্ষে আদেশ দেওয়া হয়েছে। ভূমি আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে।”