পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, জ্বালানি সাশ্রয় এবং খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ প্রযুক্তির মাধ্যমে একদিকে যেমন বিকল্প জ্বালানির চাহিদা পূরণ সম্ভব, অন্যদিকে উৎপাদিত জৈব সার কৃষিকাজে ব্যবহার করে বাড়ানো যাবে কৃষি উৎপাদন। পাশাপাশি যুব ঋণের সহায়তায় খামার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। এ লক্ষ্য সামনে রেখে রাজশাহীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে বিতরণ করা হয়েছে ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা নিজেদের উৎপাদিত বর্জ্য কাজে লাগিয়ে জ্বালানি ও জৈব সার উৎপাদন করতে পারবেন। এতে একদিকে জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে। যুব ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে পারলে উদ্যোক্তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবেন।
তিনি আরও বলেন, তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে হবে।
পরে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নির্বাচিত সুবিধাভোগীদের হাতে যুব ঋণের চেক তুলে দেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারিকে এ ঋণ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে পুঠিয়া উপজেলার তিনজনকে মোট ৩ লাখ টাকা, বাঘা উপজেলার তিনজনকে ৩ লাখ ৬০ হাজার টাকা এবং বাগমারা উপজেলার চারজনকে ৩ লাখ ৬০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস ইঞ্জিনিয়ার মো. মাহাফুজুর ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা।