সিরাজগঞ্জের পৌর শহরে পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সাবেক যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।
সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ পৌর শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, তারা খলিফা (৪২) এবং মো. ইয়ামিন শেখ (২৩)। তারা দুজনই দত্তবাড়ি বিন্দুপাড়া এলাকার বাসিন্দা। তারা খলিফা ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইয়ামিন শেখ সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা খলিফা গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গঞ্জের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেফতারের বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।