আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের উল্লাপাড়া সদর ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রতনের বিরুদ্ধে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. রফিকুল ইসলাম রতন একসময় বাংলাদেশ আওয়ামী লীগের উল্লাপাড়া সদর ইউনিয়ন শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২০ সালের ইউনিয়ন কার্যকরী কমিটির তালিকায় তাঁর নাম সহ-সভাপতি হিসেবে রয়েছে।
এ ছাড়া ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে উল্লেখ করে প্রচারপত্র প্রকাশ করা হয়েছিল।
সম্প্রতি তাঁর বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি কীভাবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে অন্য রাজনৈতিক দলের নেতাদের সুযোগ করে দেওয়া হলে সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শ প্রশ্নবিদ্ধ হবে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দলীয় নীতিমালা অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে। এতে দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কয়েকজন নেতা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তাঁরা বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে মো. রফিকুল ইসলাম রতনের বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিএনপির নেতাকর্মীদের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।