রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি যৌথ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন-৫ (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

সোমবার (২৩ নভেম্বর) পৃথক অভিযানে এসব মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য সংবাদ সম্মেলনে জানান এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।

তিনি জানান, গত ২৩ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীনগর হাটপাড়া এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), চারটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

d020110e-8e61-4d40-aa61-9562277b1e12.jpg

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৫। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসআরবি-৫ আরও জানায়, গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতির মামলা এবং একটি গুরুতর জখমের মামলা রয়েছে। অপরদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকা-সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

একই রাতে এসআরবি-৫-এর আরেকটি গোয়েন্দা দল রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভাড়া বাসায় তল্লাশি করে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেন নামে দুজনকে আটক করা হয়। তাঁরা সম্পর্কে ভাইবোন।

06b56ec2-adfe-4e36-bb1e-88ea81a68745.jpg

এসআরবি-৫-এর দাবি, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁদের দুজনের বিরুদ্ধেই টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের মামলা রয়েছে।

এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে অস্ত্রবিরোধী অভিযানে তারা মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। এসব ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে সংস্থাটি।

এসআরবি-৫ জানিয়েছে, রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে অস্ত্র, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।