একটি প্রতিষ্ঠান, একটি শতাব্দী, অসংখ্য মানুষের জীবন ও স্মৃতির গল্প। কখনো অসহায় রোগীর চিকিৎসার আশ্রয়, কখনো দরিদ্র মানুষের ভরসা, আবার কখনো দক্ষ চিকিৎসক ও নার্স তৈরির প্রতিষ্ঠান—এভাবেই সময়ের দীর্ঘ পথ পেরিয়ে শতবর্ষ পূর্ণ করতে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী ক্রিশ্চিয়ান মিশন হাসপাতাল। ১৯২৬ সালে প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসাসেবার যাত্রা শুরু করা হাসপাতালটি একশ বছর ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে রেখেছে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত। সময়ের পরিবর্তনে চিকিৎসাব্যবস্থা আধুনিক হয়েছে, বেড়েছে রোগীর সংখ্যা ও চিকিৎসার চাহিদা। সেই সঙ্গে বেড়েছে হাসপাতালটির সেবার পরিধিও। বর্তমানে প্রায় ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১৩৫ শয্যা, এক ডজনের বেশি বিভাগ এবং ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসাসেবা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। আগামী ২৬ ও ২৭ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে হাসপাতালটির শতবর্ষ।

হাসপাতালটির ইতিহাস কেবল ১৯২৬ সালে শুরু হওয়া চিকিৎসাসেবার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে আরও দীর্ঘ এক মানবিক উদ্যোগের ইতিহাস। ১৮৬২ সালে রেভারেন্ড বিহারী লাল সিংয়ের হাত ধরে রাজশাহীর রামপুর বোয়ালিয়ায় প্রতিষ্ঠিত হয় মিশন। এর ১৫ বছর পর, ১৮৭৭ সালে ডা. ডোনাল্ড মরিসন অসুস্থ মানুষের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে ১৯২৬ সালে ডা. রবার্ট মরিসন ও ডা. ভূপেন্দ্রনাথ ভায়ার উদ্যোগে রাজশাহীতে প্রাতিষ্ঠানিক ও স্থায়ী চিকিৎসাসেবার ভিত্তি গড়ে ওঠে। সীমিত সুযোগ-সুবিধা ও প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু হওয়া সেই উদ্যোগই ধীরে ধীরে রূপ নেয় একটি পূর্ণাঙ্গ চিকিৎসাপ্রতিষ্ঠানে। শত বছর পরও যার মূল দর্শন মানুষের সেবা।

প্রায় ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হাসপাতালটির বর্তমান অবকাঠামো ও চিকিৎসাসেবার পরিধি আগের তুলনায় অনেক বিস্তৃত। এখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি গাইনি ও প্রসূতি, শিশু, অর্থোপেডিকসহ এক ডজনের বেশি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীদের চিকিৎসায় দায়িত্ব পালন করছেন প্রায় ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রতিদিন গড়ে ২৫০ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন। বছরে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ৮৪ হাজারে। বহির্বিভাগের চিকিৎসার পাশাপাশি ভর্তি রোগীদের জন্য রয়েছে ১৩৫টি শয্যা। যেকোনো জরুরি পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে চালু রয়েছে ২৪ ঘণ্টার জরুরি বিভাগ।
রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছে হাসপাতালটি দীর্ঘদিনের পরিচিত চিকিৎসাকেন্দ্র। বিশেষ করে সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা গুরুত্বপূর্ণ। রোগীর চাপ সামলে চিকিৎসাসেবার মান বজায় রাখা, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিশেষায়িত চিকিৎসার সুযোগ সম্প্রসারণের বিষয়গুলোও এখন হাসপাতালটির সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। শতবর্ষের এই সময়ে দাঁড়িয়ে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকিৎসাসেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
চিকিৎসাসেবার পাশাপাশি দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী তৈরিতেও রয়েছে হাসপাতালটির দীর্ঘদিনের অবদান। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এলিজাবেথ কোনান মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান নার্সিং শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বহু নার্স বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন। রোগীর পাশে থাকা, সঠিক পরিচর্যা, সহমর্মিতা এবং দায়িত্বশীলতার মতো বিষয়গুলোকে নার্সিং পেশার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হয়। ফলে হাসপাতালটি শুধু চিকিৎসাসেবা প্রদানেই নয়, ভবিষ্যতের দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতেও অবদান রেখে চলেছে।
হাসপাতালটির মানবিক কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসহায়তা। অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই পরিচালিত হচ্ছে মালাকার মেমোরিয়াল ফান্ড। এই তহবিলের আওতায় ২০২৫-২৬ সালে ১ হাজার ৭৫০ জন রোগীকে চিকিৎসাসহায়তা দেওয়া হয়েছে। অনেক অসচ্ছল পরিবারের জন্য এই সহায়তা চিকিৎসার ব্যয় বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসাসেবা কেবল একটি পেশা নয়, বরং মানুষের প্রতি দায়িত্ব ও মানবিক দায়বদ্ধতার অংশ।

ধর্মীয় পরিচয় বা সামাজিক অবস্থান নয়, চিকিৎসার প্রয়োজনকেই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, সাঁওতাল কিংবা বাঙালি—সব সম্প্রদায়ের মানুষের জন্য হাসপাতালটির চিকিৎসাসেবার দরজা উন্মুক্ত। দীর্ঘদিন ধরে এই অন্তর্ভুক্তিমূলক সেবার চর্চা প্রতিষ্ঠানটিকে মানুষের কাছে আলাদা পরিচিতি দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। অনেক পরিবারের কাছে হাসপাতালটির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রজন্মের পর প্রজন্মের চিকিৎসা নেওয়ার স্মৃতি। কারও কাছে এটি বিপদের সময়ের আশ্রয়, কারও কাছে দীর্ঘদিনের নির্ভরতার জায়গা। চিকিৎসক, নার্স ও কর্মীদের আন্তরিকতা এবং সেবার অভিজ্ঞতার মধ্য দিয়ে তৈরি হয়েছে এই আস্থা।
শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে প্রকাশ করা হয়েছে ‘যে হাসপাতালটি থেকে গেল’ শীর্ষক একটি স্মারকগ্রন্থ। অধ্যাপক ড. হ্যারল্ড সৌগাতো বারোইয়ের ধারণা, নকশা ও সম্পাদনায় প্রকাশিত বইটিতে তুলে ধরা হয়েছে হাসপাতালের শত বছরের ইতিহাস, প্রতিষ্ঠার পেছনের উদ্যোগ, বিভিন্ন সময়ের চিকিৎসাসেবার বিবর্তন এবং চিকিৎসক, নার্স ও কর্মীদের স্মৃতিচারণ। পাশাপাশি রয়েছে প্রতিষ্ঠানের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক। এক শতাব্দীর পথচলায় যাঁদের শ্রম, মেধা ও নিষ্ঠা জড়িয়ে রয়েছে, তাঁদের অবদানও সংরক্ষণের চেষ্টা করা হয়েছে এই স্মারকগ্রন্থে। ফলে এটি শুধু একটি প্রতিষ্ঠানের স্মৃতিচারণ নয়, রাজশাহীর চিকিৎসাসেবার ইতিহাসেরও গুরুত্বপূর্ণ দলিল।

শতবর্ষ উদযাপনের মূল ভাবনায় রাখা হয়েছে বাইবেলের মথি ২৫:৩৬ পদে উল্লেখিত বাণী—‘আমি অসুস্থ ছিলাম এবং তোমরা আমার সেবা করেছিলে’। মানবিক সেবা ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই দর্শনকে সামনে রেখেই সাজানো হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। আগামী ২৬ ও ২৭ নভেম্বর হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শতবর্ষের নানা আয়োজন। ২৬ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে থাকবে স্মারক বিতরণ, সন্ধ্যাকালীন প্রার্থনা, সাংস্কৃতিক সন্ধ্যা, আলোকচিত্র প্রদর্শনী এবং হাসপাতালের শত বছরের ইতিহাস নিয়ে বিশেষ উপস্থাপনা। এ ছাড়া দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থেকে চিকিৎসাসেবা ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হবে।

একটি শতবর্ষী হাসপাতালের সাফল্য শুধু তার ভবন, শয্যা কিংবা চিকিৎসকের সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। এর প্রকৃত অর্জন নির্ভর করে কত মানুষের জীবনে প্রতিষ্ঠানটি আশার আলো জ্বালিয়েছে, কত অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে এবং কত মানুষের আস্থা অর্জন করতে পেরেছে তার ওপর। রাজশাহী ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালের একশ বছরের পথচলায় জড়িয়ে রয়েছে এমনই অসংখ্য গল্প। সময়ের পরিবর্তনের সঙ্গে চিকিৎসাসেবাকে আরও আধুনিক, উন্নত ও বিস্তৃত করার পাশাপাশি মানবিকতার এই ঐতিহ্য ধরে রাখাই এখন প্রতিষ্ঠানটির বড় প্রত্যয়। শত বছরের অর্জনকে ভিত্তি করে আগামী শত বছরও মানুষের আস্থা ও নির্ভরতার প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকতে চায় রাজশাহী ক্রিশ্চিয়ান মিশন হাসপাতাল।