মানুষের মতো দেখতে ও চলাফেরা করতে সক্ষম হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়াতে নতুন স্বপ্ন দেখছে জাপান। দেশজুড়ে এসব রোবটের বিস্তার ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটির বিভিন্ন স্টার্টআপ। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা তাদের এই উদ্যোগে নতুন গতি সঞ্চার করছে।

একসময় মানুষের মতো হাঁটতে পারাই ছিল রোবট প্রযুক্তির বড় চ্যালেঞ্জ। ১৯৭০-এর দশকে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয় বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট হিসেবে পরিচিত ‘ওয়াবট-১’। সে সময় রোবটটির একেকটি পদক্ষেপ নিতে প্রায় ৩০ সেকেন্ড সময় লাগত।

এরপর নব্বইয়ের দশকে হোন্ডা তৈরি করে ‘পি২’ নামের হিউম্যানয়েড রোবট। এটি অসমতল জায়গা ও ঢালু পথেও স্বাভাবিকভাবে হাঁটতে পারত। ২০০০ সালে প্রতিষ্ঠানটি নিয়ে আসে ‘আসিমো’। সিঁড়ি দিয়ে ওঠানামা করা থেকে শুরু করে নাচের মতো কাজও করতে পারত রোবটটি।

সময়ের সঙ্গে বদলে গেছে রোবট প্রযুক্তির সক্ষমতা। এখন হিউম্যানয়েড রোবট শুধু হাঁটা বা দৌড়ানোই নয়, গতির প্রতিযোগিতাতেও মানুষকে ছাড়িয়ে যাচ্ছে। গত আগস্টে চীনে অনুষ্ঠিত এক হিউম্যানয়েড ক্রীড়া প্রতিযোগিতায় একটি রোবট ১০০ মিটার দৌড় শেষ করে মাত্র ৮ দশমিক ৬৪ সেকেন্ডে। অথচ একই দূরত্বে মানুষের বিশ্বরেকর্ড ৯ দশমিক ৫৮ সেকেন্ড, যা গড়েছিলেন উসাইন বোল্ট।

এই প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগিয়ে জাপানের স্টার্টআপগুলোও হিউম্যানয়েড রোবট তৈরিতে মনোযোগী হচ্ছে। গত সেপ্টেম্বরে টোকিওতে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আয়োজিত জেনারেটিভ এআই অ্যাক্সিলারেটর চ্যালেঞ্জের এক অনুষ্ঠানে হাইল্যান্ডার্সের তৈরি ‘এন’ নামের একটি হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করেন প্রকৌশলীরা।

শিল্পকারখানা, সেবাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে নয়, বরং সহায়ক প্রযুক্তি হিসেবে হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা দেখছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। জাপানের স্টার্টআপগুলোর লক্ষ্য, ভবিষ্যতে দেশটির বিভিন্ন কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে এসব রোবটের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা।

সুত্র- জাপান টাইমস